বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে আরও শয্যা বাড়ানোর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সেই সঙ্গে হাসপাতালটি চালুর এক দশক পর এর আইসিইউরও উদ্বোধন করেন তিনি।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাসুদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক আশিষ কুমার সাহা, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ এ কে এম আহসান হাবিব, বগুড়া জেলা বিএমএর সভাপতি মোস্তফা আলম, সাধারণ সম্পাদক রেজাউল আলম, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমুখ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ৩১ আগস্ট এই হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু হয়। ৫০০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে গড়ে প্রতিদিন ৯০০ রোগী ভর্তি থাকে। বগুড়া ছাড়াও জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা ও নাটোর থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসে। বিশেষ করে ঢাকা-উত্তরবঙ্গে সড়ক দুর্ঘটনার বেশির ভাগ রোগীকেই এখানে চিকিৎসার জন্য আনা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে আইসিইউ ছিল না। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি চালুর প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজ থেকে ছয় শয্যাবিশিষ্ট আইসিইউ চিকিৎসা সুবিধার যাত্রা শুরু হলো। প্রথম দিন দুটি শয্যা পূর্ণাঙ্গভাবে চালু হয়েছে। অবশিষ্ট চার শয্যা খুব শিগগির চালু হবে। পর্যায়ক্রমে আইসিইউতে আরও ১০ শয্যা বাড়ানো হবে।
হাসপাতালের চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা মায়ের মমতা দিয়ে সেবা দিন। আমি হাসপাতালে সমস্যার সমাধান করে দেব।’
সরকারের স্বাস্থ্য ক্ষেত্রে নানা সাফল্যের কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য ক্ষেত্রে সরকার অনেক এগিয়ে রয়েছে। নার্স-সংকট মেটাতে এরই মধ্যে ১০ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই নার্স সংকট কেটে যাবে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে সরকার। ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামেগঞ্জে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে।