এক দশক পর চাঁদপুর পৌরসভা নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর পৌরসভা নির্বাচনে ভোটারদের লাইন। দীর্ঘ ৯ বছর পর চাঁদপুরে আজ রোববার বিএনপির অংশগ্রহণ ছাড়াই নির্বাচন হচ্ছে। ছবি: আলম পলাশ
চাঁদপুর পৌরসভা নির্বাচনে ভোটারদের লাইন। দীর্ঘ ৯ বছর পর চাঁদপুরে আজ রোববার বিএনপির অংশগ্রহণ ছাড়াই নির্বাচন হচ্ছে। ছবি: আলম পলাশ

এক দশক পর আজ রোববার চাঁদপুর পৌরসভার নির্বাচন হচ্ছে। এ নির্বাচনে অংশ নেননি বিএনপি-সমর্থিত প্রার্থীরা।
সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। একটানা চলবে বিকেল চারটা পর্যন্ত।
নির্বাচন শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ-সমর্থিত বর্তমান পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। তাঁর প্রতীক মোবাইল। নির্বাচনে তাঁর প্রতিপক্ষ সাবেক পৌর চেয়ারম্যান শফিকুর রহমান। এই স্বতন্ত্র প্রার্থীর প্রতীক জগ।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আতাউর রহমান জানান, চাঁদপুর পৌরসভার ৪৯টি কেন্দ্রে মোট ভোটার ১ লাখ ১ হাজার ১২২ জন।
চাঁদপুর পৌরসভার সর্বশেষ নির্বাচন হয় ২০০৫ সালে। মামলা-মোকদ্দমার কারণে তিনবার তারিখ ঘোষণার পরও পৌরসভাটির নির্বাচন হয়নি। সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি চতুর্থবারের মতো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।