এক দশক পরও শিশুবৃত্তি সেই ১০০ টাকা
প্রাইমারি বৃত্তি কর্মসূচি শুরু হওয়ার পর এক দশক পার হলেও ভাতার পরিমাণ সেই ১০০ টাকাই রয়েছে। আর এই একই পরিমাণ ভাতা প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সমান হারে বরাদ্দ। ফলে প্রথম-দ্বিতীয় শ্রেণীতে শিশুরা স্কুলে ভর্তি হলেও চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে গিয়ে পর্যাপ্ত অর্থের অভাবে ঝরে পড়ছে।
‘বাংলাদেশ প্রাইমারি এডুকেশন স্টাইপেন্ড: এ কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট’ শীর্ষক প্রতিবেদনে এ সব তথ্য উপস্থাপন করা হয়। এ ছাড়া যেসব শিক্ষার্থী পড়া ছেড়ে দেয়, তাদের সঠিক তথ্য কোথাও পাওয়া যায়নি বলে এতে উল্লেখ রয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে স্থানীয় একটি হোটেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও ইউনিসেফ যৌথ উদ্যোগে এই প্রতিবেদন প্রকাশ করে। ছয় ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৮ লাখ শিশুর ওপর এই জরিপ চালানো হয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি স্কুল, স্যাটেলাইট স্কুল, সরকার অনুমোদিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা। কমপক্ষে ১০০ শিক্ষার্থী থাকলে ওইসব স্কুলকে জরিপের আওতায় নেওয়া হয়েছে।
প্রতিবেদন উপস্থাপন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। ঝরে পড়া রোধে প্রতিবেদনে উপস্থাপিত সুপারিশ উল্লেখ করে তিনি বলেন, ‘দারিদ্র্য আমাদের দেশে সব সমস্যার মূল। এর সঙ্গে যুক্ত হয়েছে দরিদ্র ও নিম্নবিত্ত অভিভাবকদের তাত্ক্ষণিক সুবিধা পাওয়ার মানসিকতা।’
প্রতিবেদনে মাসিক ভাতা ১০০ টাকাকে দ্বিগুণ এবং বার্ষিক ঋতু ভেদে আনুষঙ্গিক কিছু প্রয়োজনীয় জিনিস শিশুদের বিনা মূল্যে দেওয়ার সুপারিশ করা হয়েছে। যেমন বর্ষাকালে ছাতা, শীতকালে গরম পোশাক ও হাত ধোয়ার সাবান। ভাতা দ্বিগুণ করলে বছরে ১৫০০ কোটি টাকা ব্যয় হবে, যা সরকারের পক্ষে বহন করা সম্ভব বলেও জিল্লুর রহমান মন্তব্য করেন। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ভাতা প্রথম/দ্বিতীয় শ্রেণীর তুলনায় বাড়িয়ে দেওয়ার সুপারিশের পক্ষে মত দিয়ে হোসেন জিল্লুর রহমান বলেন, প্রথম শ্রেণীর তুলনায় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পড়াশোনার খরচ বেশি।
শিশুদের শিক্ষায় সর্বোচ্চ বাজেট বরাদ্দ রাখা উচিত মন্তব্য করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, সরকার সবার জন্য শিক্ষা কর্মসূচিতে আন্তরিক। এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতন হওয়ার ও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ইউনিসেফের প্রতিনিধি পাসকেল ভিলেনিউভ বলেন, বাংলাদেশ প্রাইমারি ও মাধ্যমিক শিক্ষায় যথেষ্ট উন্নতি করেছে। এখন সরকারকে দৃষ্টি দিতে হবে বিভিন্ন স্তরে ঝরে পড়া শিক্ষার্থীদের দিকে। তিনি মনে করেন, শহর, গ্রাম ও সংখ্যালঘু শিশুদের একই মানের শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করাই হচ্ছে সরকারের পরবর্তী চ্যালেঞ্জ।
১৫০০ কোটি টাকার সুপারিশের সামান্য প্রতিবাদ করে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘সরকার এই সুপারিশ বাস্তবায়নে হঠাত্ করে অর্থ কই পাবে। সরকারের বিভিন্ন খাতে নানা ধরনের কর্মসূচি রয়েছে। পুরোটুকু বাস্তবায়ন করতে না পারলেও একটু একটু করে চেষ্টা করে যাচ্ছে।’ তবে শিক্ষার উন্নতির বিষয়ে তিনি আশ্বাস দিয়ে বলেন, তাঁর মন্ত্রণালয়ে শিক্ষা-সম্পর্কিত কোনো প্রকল্প গেলে তিনি তা যথাযথ কর্তৃপক্ষের কাছে দ্রুত পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করবেন।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেন, সরকার সম্পূর্ণ রাজস্ব বাজেট দিয়েই প্রাথমিক শিক্ষা পর্যায়ে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে। প্রতিবেদনেই বলা আছে, প্রাথমিকে শিক্ষার হার ৪৩ থেকে ৬৭ শতাংশে উন্নীত হয়েছে। এটা এক ধরনের অর্জন। তিনি মনে করেন, বৃত্তি কর্মসূচি চালু করার বিষয়ে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা যথেষ্ট বেড়েছে। পঞ্চম শ্রেণীর পরে শিক্ষার্থীদের ঝরে পড়ার অন্যতম কারণ হিসেবে মন্ত্রী মেয়ে শিশুদের জন্য অপর্যাপ্ত টয়লেট ও বাল্যবিবাহকে দায়ী করেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী প্রাথমিক শিক্ষা খাতে বছরে ১৫০০ কোটি টাকা খরচ করা সম্ভব বলে মনে করেন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ২০০২-০৩ সাল থেকে এ পর্যন্ত সাংসদদের বেতন ভাতা কয়েক দফা বাড়ানো হয়েছে, প্রতিরক্ষা খাতে কত কোটি টাকা ভর্তুকি ও বরাদ্দ দেওয়া হয়, শুধু সারচার্জ দিয়েই যদি যমুনা সেতু তৈরি সম্ভব হয়, তবে কেন শিশুদের বৃত্তি বাড়ানো যাবে না। প্রয়োজনে সরকার প্রাইভেট-পাবলিক পার্টনারশিপ প্রক্রিয়ায় যেতে পারে বলেও পরামর্শ দেন তিনি। তিনি শিশুদের পুষ্টি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়ে জানান, সরকার প্রয়োজনে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মিশে অনুন্নত ও পাহাড়ি এলাকার শিশুদের বাড়তি বৃত্তির পাশাপাশি উপযুক্ত পুষ্টিকর খাদ্যও সরবরাহ করতে পারে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাথমিক শিক্ষাসচিব কাজী আখতার হোসেনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।