প্রাইমারি বৃত্তি কর্মসূচি শুরু হওয়ার পর এক দশক পার হলেও ভাতার পরিমাণ সেই ১০০ টাকাই। আর এই একই পরিমাণ ভাতা প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সমান বরাদ্দ। ফলে প্রথম-দ্বিতীয় শ্রেণীতে শিশুরা স্কুলে ভর্তি হলেও চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে গিয়ে পর্যাপ্ত অর্থের অভাবে তারা ঝরে পড়ছে।
‘বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় বৃত্তি: একটি গুণগত মূল্যায়ন’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উপস্থাপন করা হয়। এ ছাড়া যেসব শিক্ষার্থী পড়া ছেড়ে দেয়, তাদের সঠিক তথ্য কোথাও পাওয়া যায়নি বলে এতে উল্লেখ রয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও ইউনিসেফ যৌথ উদ্যোগে এই প্রতিবেদন প্রকাশ করে। ছয় ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৮ লাখ শিশুর ওপর এই জরিপ চালানো হয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি স্কুল, স্যাটেলাইট স্কুল, সরকার অনুমোদিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা। কমপক্ষে ১০০ শিক্ষার্থী থাকলে ওই সব স্কুলকে জরিপের আওতায় নেওয়া হয়েছে।
প্রতিবেদন উপস্থাপন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, সরকার সবার জন্য শিক্ষা কর্মসূচিতে আন্তরিক। ইউনিসেফের প্রতিনিধি পাসকেল ভিলেনিউভ বলেন, বাংলাদেশ প্রাইমারি ও মাধ্যমিক শিক্ষায় যথেষ্ট উন্নতি করেছে। এখন সরকারকে দৃষ্টি দিতে হবে বিভিন্ন স্তরে ঝরে পড়া শিক্ষার্থীদের দিকে।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেন, বৃত্তি কর্মসূচি চালু করার বিষয়ে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা যথেষ্ট বেড়েছে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, প্রাথমিক শিক্ষা খাতে বছরে এক হাজার ৫০০ কোটি টাকা খরচ করা সম্ভব। ২০০২-০৩ সাল থেকে এ পর্যন্ত সাংসদদের বেতন-ভাতা কয়েক দফা বাড়ানো হয়েছে, প্রতিরক্ষা খাতে ভর্তুকি ও বরাদ্দ দেওয়া হয়, শুধু সারচার্জ দিয়েই যদি যমুনা সেতু তৈরি সম্ভব হয়, তবে কেন শিশুদের বৃত্তি বাড়ানো যাবে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাথমিক শিক্ষাসচিব কাজী আখতার হোসেনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।