চট্টগ্রামে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সাদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এক দশক পূর্তি উপলক্ষে ১৭ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হচ্ছে আজ সোমবার থেকে। ৩০ জানুয়ারি জিমনেসিয়াম মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে ‘সাদার্ন মেধাবী (ট্যালেন্ট) প্রতিযোগিতা’ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ১১টি শাখা (ক্যাটাগরি) থেকে তাঁদের নির্বাচন করা হবে।গতকাল রোববার সকালে চট্টগ্রাম নগরের মেহেদীবাগে সাদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলী। এতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য শরীফুজ্জামান, রেজিস্ট্রার মন্তাজুল ইসলাম, হাসিনা জাকারিয়া, বিবিএ কার্যক্রমের প্রধান ইসরাত জাহান, বিবিএর ডিন আবদুল মোক্তাদির প্রমুখ। সংবাদ সম্মেলনে উপাচার্য মোহাম্মদ আলী বলেন, ‘আমরা পোশাক, ওষুধ ও জাহাজ নির্মাণশিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বমানের খ্যাতি পেয়েছি। কিন্তু সে হিসেবে শিক্ষার উন্নয়নে অগ্রগতি অর্জিত হয়নি প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে। ফলে বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন চাহিদা মেটাতে হয় ছাত্রদের বেতনের টাকায়। আর এতে করে অভিভাবকদের ওপর চাপ বাড়ে।’ বিশ্ববিদ্যালয়ের এক দশক পূর্তি উপলক্ষে ১৭ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে নতুন শিক্ষক ও শিক্ষার্থীদের বরণ, প্রশাসনিক কর্মচারীদের প্রশিক্ষণ, সংসদীয় বিতর্কবিষয়ক কর্মশালা, বিজ্ঞান ও উদ্যোক্তা মেলা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আন্তক্রীড়া প্রভৃতি। আজ উদ্বোধনী দিনের কার্যক্রমে রয়েছে সকালে মেহেদীবাগ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা ও পরে আলোচনা অনুষ্ঠান।