এক দশক পূর্তি উত্সব পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক দশক পূর্তি উত্সব পালিত হয়েছে। বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে দিনটি পালিত হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় আঙিনা নানা সাজে সাজানো হয়।
বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আলী আশরাফের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন উপাচার্য। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কুণ্ডু গোপীদাস, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর মোহাম্মদ আইনুল হক। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে দেশের নামকরা ব্যান্ড দল শিরোনামহীনের তুহিন গান পরিবেশন করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্ধন ও প্ল্যাটফর্ম সংগীত পরিবেশন করে।