এক দশকে গ্যাসের দাম তিন গুণ বাড়তে পারে
জ্বালানি বিশেষজ্ঞ ম. তামিম বলেছেন, আগামী এক দশকে গ্যাসের দাম এখনকার তুলনায় তিন গুণ পর্যন্ত বাড়তে পারে। আগামী বছর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি শুরু হলেই এই মূল্যবৃদ্ধি শুরু হবে।
গতকাল ‘ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি)’ আয়োজিত সেমিনারে ম. তামিম এ কথা বলেন। বিদ্যুৎ ভবনের বিজয় হলে অনুষ্ঠিত জ্বালানির দাম ও জাতীয় অর্থনীতি শীর্ষক সেমিনারে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে বলা হয়, দীর্ঘ মেয়াদে জ্বালানির দাম অনুমান করা কঠিন। সরকার কোন জ্বালানি কতটা ব্যবহার করবে, জ্বালানির চাহিদা কী হারে বাড়বে, বিশ্ববাজারে জ্বালানির দাম কোন পর্যায়ে থাকবে, জ্বালানি খাতে সরকার ভর্তুকি দেবে কি না—এই সবকিছুর ওপর জ্বালানির দাম নির্ভর করে।
সেমিনারের প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বর্তমান বাস্তবতায় অপেক্ষাকৃত বেশি দামের জ্বালানি আমদানির বিকল্প নেই। তবে মূল্যবৃদ্ধির ধারা নিয়ন্ত্রণে রাখতে উৎপাদন খাতে উন্নত যন্ত্রপাতি ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার এবং দেশের জ্বালানি সম্পদের উন্নয়নের কর্মসূচি নেওয়া হয়েছে।
সেমিনারে সিপিডির গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম, বিআইপিপিএর সহসভাপতি ইমরান করিম, পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ, বিইআরসির সদস্য মিজানুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেইন প্রমুখ বক্তব্য রাখেন।