এক দশকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিও মজিনা বলেছেন, আগামী এক দশকের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। জাহাজনির্মাণ, তথ্যপ্রযুক্তি, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক এবং ওষুধশিল্প খাতে এই দেশের বিপুল সম্ভাবনা রয়েছে। গতকাল বুধবার স্থানীয় একটি হোটেলে আয়োজিত ব্যবসায়ী সমাবেশে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এই সমাবেশের আয়োজন করে।এতে উপস্থিত ছিলেন চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম, সহসভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম, চেম্বার পরিচালক এম এ ছালাম, মাজহারুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক শাহ, এস এম মাহবুবুল ইসলাম, মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী প্রমুখ। মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী বাণিজ্য সম্পর্ক রয়েছে। গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে একটি নতুন বাংলাদেশ গড়তে মার্কিন সরকার কাজ করছে। রাষ্ট্রদূত মনে করেন, বর্তমান অবকাঠামো, গ্যাস ও বিদ্যুৎসংকট উন্নয়নের মূল চ্যালেঞ্জ। সুশাসন-ব্যবস্থা, গতিশীল ও কর্মোদ্যম নেতৃত্বের মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিপণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পেতে রাষ্ট্রদূতের ব্যক্তিগত উদ্যোগ কামনা করেন। চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম যুক্তরাষ্ট্রের ভিসা-প্রক্রিয়া সহজ ও দ্রুতকরণের ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশে আরও বক্তব্য দেন তুরস্কের কনসাল জেনারেল সালাহ্উদ্দীন কাসেম খান, জাপানের কনসাল জেনারেল নুরুল ইসলাম, ব্যবসায়ী এ কিউ আই চৌধুরী প্রমুখ। এতে উপস্থিত ছিলেন সাবেক চেম্বার সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আবু মনসুর, আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, রুশ কনসাল জেনারেল ওলেগ পি বয়কো, ইতালির কনসাল মির্জা সালমান ইস্পাহানি, জার্মান কনসাল শাকির ইস্পাহানি প্রমুখ।