এক দশকে ৯০০ বাংলাদেশি খুন সাজা হয়নি কোনো বিএসএফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক নির্বিচারে মানুষ হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং এ সমস্যার সমাধানে অবিলম্বে পদক্ষেপ নিতে উভয় দেশের প্রতি আহ্বান জানিয়েছে। খবর বিবিসি ও ইউএনবির।গতকাল বৃহস্পতিবার ‘ট্রিগার হ্যাপি: এক্সেসিভ ইউজ অব ফোর্স বাই ইন্ডিয়ান ট্রুপস অ্যাট দ্য বাংলাদেশ বর্ডার’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ। নির্যাতনের শিকার লোকজন, তাঁদের পরিবার, প্রত্যক্ষদর্শী এবং বাংলাদেশ ও ভারত উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের শতাধিক সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকে বিএসএফ এক হাজারেরও বেশি বাংলাদেশি ও ভারতীয় খুন হয়েছে। এর মধ্যে নয় শতাধিকই বাংলাদেশি। বিএসএফের অতিরিক্ত বল প্রয়োগই এ হত্যার জন্য দায়ী। কিন্তু এ পর্যন্ত বিএসএফের কোনো সদস্যকে গ্রেপ্তার বা বিচারের মুখোমুখি করা হয়নি।হিউম্যান রাইটস ওয়াচ তার ৮১ পৃষ্ঠার ওই প্রতিবেদনে জানায়, সীমান্ত এলাকার লোকজনকে নিয়মিত অত্যাচার করছে বিএসএফ। তবে বিএসএফ এসব অভিযোগ অস্বীকার করেছে। প্রতিবেদনে বলা হয়, নিহত ব্যক্তিদের যেমন অনেকেই ভারত ও বাংলাদেশের নিরীহ নাগরিক, তেমনি অনেকে চোরাচালানের সঙ্গেও জড়িত।এইচআরডব্লিউর দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, ‘ভারতে চোরাচালানের শাস্তি মৃত্যুদণ্ড নয়, আর বিএসএফের সেই শাস্তি দেওয়ার অধিকারও নেই।’ তিনি বলেন, ‘হয়তো তারা অনেক সময় অবৈধ কাজ করে। কিন্তু তা মূলত চোরাচালানের কাজ। জঙ্গি তৎপরতার সঙ্গে সম্পর্কিত নয়।’ এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়, হত্যা ছাড়াও বিএসএফের বিরুদ্ধে নির্যাতন ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছে সীমান্তবাসী। প্রতিবেদনে ভারত সরকারকে সীমান্তে দেখামাত্র গুলির নির্দেশ অবিলম্বে বাতিল, হত্যার তদন্ত এবং মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।