কাজ শুরুর পর থেকে তিনবার সময় বাড়ানো হলেও শেষ হয়নি লালমনিরহাট-কুড়িগ্রাম জেলার বহুল প্রত্যাশিত তিস্তা সড়ক সেতুর কাজ। আগামী জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্মাণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরে চতুর্থবারের মতো সময় বৃদ্ধির আবেদন করা হয়েছে। দফায় দফায় সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেতুর নির্মাণব্যয় বেড়েছে ৩৫ কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০১ সালের ১ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০০১ সালে সরকার পরিবর্তনের পর ২০০৬ সালের ৫ আগস্ট দ্বিতীয়বারের মতো ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তখন ২০০৯ সালের সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। এ সময় কাজের প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় আরও নয় মাস সময় বাড়ানো হয়। একই কারণে পরবর্তী সময়ে আরও দুবার কাজের সময় বাড়ানো হয়। সর্বশেষ সময় অনুযায়ী, আগামী (মে) মাসের মধ্যে কাজ শেষ করার কথা। কিন্তু এই সময়েও কাজ শেষ হচ্ছে না। নির্মাণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সওজের কাছে আবারও সময় চেয়ে আগামী ডিসেম্বর নাগাদ কাজ শেষ করার জন্য আবেদন করা হয়েছে।এদিকে সেতুর কাজের অগ্রগতি দেখার জন্য গত ২০ মার্চ যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সেতু নির্মাণ এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি মে মাসের মধ্যে কাজ শেষ না হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানতের একটি অংশ কেটে নেওয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সফিকুর রহমান বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করা হবে। এখন পর্যন্ত কাজের ৭৮ দশমিক ৩০ ভাগ কাজ সমাপ্ত হয়েছে।সেতুর নির্মাণকাজের তদারকির দায়িত্বপ্রাপ্ত লালমনিরহাট সওজের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে নির্মাণব্যয় দাঁড়িয়েছে ১২২ কোটি চার লাখ টাকায়। অর্থাৎ ব্যয় বেড়েছে ৩৪ কোটি ৯৭ লাখ ৯৫ হাজার ৯৬৪ টাকা। তবে ব্যয় বৃদ্ধির বিষয়টি এখন পর্যন্ত অনুমোদন করা হয়নি। সেতু তদারকির কর্মকর্তা উপবিভাগীয় প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, কাজের মূল দাতা কুয়েত সরকার বাড়তি টাকা না দিলে প্রয়োজনে দেশীয়ভাবে তা জোগান দেওয়া হবে।কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ৭৫০ মিটার দৈর্ঘ্য ও ১২ দশমিক ১ মিটার প্রস্থের এই সেতুর প্রাথমিক নির্মাণব্যয় ধরা হয়েছিল ৮৭ কোটি ছয় লাখ চার হাজার ৩৬ টাকা। এর মধ্যে কুয়েত ফান্ড ৮৫ শতাংশ ও বাকি ১৫ শতাংশ বাংলাদেশ সরকার বরাদ্দ দেয়।