এক দশকের বেশি বন্দী তিনজনের জামিন
বিচার শেষ না হওয়া পৃথক মামলায় এক দশকেরও বেশি সময় কারাগারে থাকা তিন বন্দীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তিন মাসের মধ্যে তাঁদের বিরুদ্ধে থাকা মামলার বিচারকাজ শেষ করতে বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত তাঁরা জামিনে থাকবেন।
বিচারপতি এ কে এম আবদুল হাকিম ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। জামিন পাওয়া তিনজন হলেন মো. দানা মিয়া, আসাদুল ওরফে আছা ও সাজু মিয়া।
বিচার শেষ না হওয়া পৃথক মামলায় ঢাকা, সিলেট ও সাতক্ষীরার বিভিন্ন কারাগারে আট বন্দীর দীর্ঘদিন ধরে থাকার তথ্য ১৪ ফেব্রুয়ারি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেলের এক আইনজীবী। পরদিন শুনানি নিয়ে হাইকোর্ট ওই আটজনকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে স্বতঃপ্রণোদিত রুল দেন। মামলার নথি তলবের পাশাপাশি ওই আটজনকে ২৭ ফেব্রুয়ারি হাইকোর্টে হাজির করতে নির্দেশ দেন। গতকাল সাতজনকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের বক্তব্য শোনেন। তাঁদের পক্ষে শুনানিতে অংশ নেন প্যানেল আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস।
চঞ্চল কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, আটজনের মধ্যে সাতজনকে আদালতে হাজির করা হয়। তিনজনকে জামিন দেন আদালত।