এক দিন আগেই দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুরে সরকারি সফর এক দিনের জন্য সংক্ষিপ্ত করে আজ মঙ্গলবার বিকেলে দেশে ফিরেছেন। সোমবার নেপালে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরেছেন।
প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশের একটি নিয়মিত ফ্লাইট সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে রোববার সিঙ্গাপুরে যান। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা ছিল। সোমবার বিকেলে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুর্গত পরিবারের পাশে দাঁড়াতে তিনি সফর এক দিন সংক্ষিপ্ত করেন।
সিঙ্গাপুর সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন এবং সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর আয়োজিত ভোজসভায় যোগদান ছাড়াও তিনি হোটেল সাংগ্রিলাতে সিঙ্গাপুর-বাংলাদেশ বিজনেস ফোরাম এবং বিজনেস রাউন্ডটেবিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। শেখ হাসিনা বিশ্বের অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক বন্দর পোর্ট অব সিঙ্গাপুর পরিদর্শন করেন। তিনি ইউনেসকোর একটি বিশ্ব ঐতিহ্য সিঙ্গাপুর বোটানিক গার্ডেনের ন্যাশনাল অর্কিড গার্ডেন পরিদর্শন করেন এবং তাঁর নামে একটি অর্কিড উন্মোচন করেন।