বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের পরীক্ষার ফরম পূরণ এক দিন বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার থেকে আবার শুরু হয়েছে। অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে গত বুধবার জেলা ছাত্রলীগ ফরম পূরণ কার্যক্রম বন্ধ করে দেয়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায় বলেন, ফরম পূরণ ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিপত্র অনুযায়ী আদায় করা হলেও সেশন ফি বেশি নেওয়া হচ্ছিল। এ ছাড়া বিভাগগুলোতে রসিদ ছাড়াই কয়েক শ টাকা করে আদায় করা হচ্ছিল। এর প্রতিবাদে তাঁরা ফরম পূরণ কার্যক্রম বন্ধ করে দেন। এ বিষয়ে বুধবার রাতে কলেজের অধ্যক্ষের বাসভবনে এক বৈঠক হয়। বৈঠকে কলেজ প্রশাসন ফি আদায়ের ব্যাপারে যাবতীয় পরিপত্র উপস্থাপন করে। এরপর ছাত্রলীগের নেতারা শিক্ষার্থীদের কাছ থেকে দেড় হাজার টাকা করে সেশন ফি আদায়ের আপত্তি তোলেন। আপত্তির মুখে কয়েকটি খাতে ২০০ টাকা করে সেশন ফি কমানো হয়। এ ছাড়া রসিদ ছাড়া কোথাও কেউ কোনো টাকা নিতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ সামস্-উল-আলম বলেন, বুধবার রাতে এ বিষয়ে এক বৈঠক হয়। পরে শিক্ষার্থীদের সমস্যা বিবেচনা করে সেশন ফি ২০০ টাকা কমানো হয়। এক দিন বন্ধ থাকার পর ফরম পূরণ কার্যক্রম গতকাল থেকে আবার শুরু হয়েছে।