এক দিন পরই কোন্দলে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের অন্তঃকোন্দল তুলে ধরে গত বুধবার প্রথম আলোতে নিবন্ধ লেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান। ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে তাঁকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অবাঞ্ছিত ঘোষণা করেন।সংবাদ সম্মেলনে ছাত্রলীগের নেতারা প্রকাশ্যে দাবি করেন, নিজেদের মধ্যে কোনো কোন্দল নেই। অথচ এ দাবির একদিন পর অর্থাৎ শনিবারেই অন্তঃকোন্দলে জড়িয়ে পড়েন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ঝুপড়িতে ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে আহত করে এক পক্ষ। একই পক্ষ এ ঘটনার জের ধরে গতকাল রোববার সেহিরর সময় প্রতিপক্ষের নেতা-কর্মীদের ওপর আবার হামলা করে। এতে চারজন আহত হন। আহত নেতা-কর্মীদের বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহত নেতা-কর্মীরা নিজের অনুসারী দাবি করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল মনসুর সিকদার। তিনি এ জন্য সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মামুনুল হকের অনুসারীদের দায়ী করেছেন। তবে মামুনুল হক এ অভিযোগ অস্বীকার করেছেন।গতকাল সকাল সাড়ে দশটার বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের সহকারী চালক কামরুল হুদাকে কে বা কারা তুলে নিয়ে যায়। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি পক্ষ এ জন্য দায়ী। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ ট্রেনচালকেরা প্রায় সাড়ে চার ঘণ্টা বিশ্ববিদ্যালয় ও নগরের মধ্যে শাটল ট্রেন চলাচল বন্ধ রাখে। এ জন্য শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েন।ছাত্রলীগের একপক্ষের হামলায় নেতা-কর্মীরা হলেন, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রাসেল চন্দ্র মজুমদার, ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ফেরদৌস আহমেদ ও তৃতীয় বর্ষের রিয়াসাত রেজা। এ ঘটনায় ছাত্রলীগের কর্মী রিয়াসাত রেজা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে হাটহাজারী থানায় একটি মামলা করেন। ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল মনসুর সিকদার মামলার বিষয়টি নিশ্চিত করেন।বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সেহিরর সময় প্রতিপক্ষের কক্ষে হামলা চালান অন্য পক্ষের কর্মীরা। এ সময় আহত ছাত্ররা জানালার রড ভেঙে কক্ষ থেকে বের হয়ে আসেন। তবে হলের কক্ষ থেকে লাফ দিতে গিয়ে এবং দেয়াল পার হয়ে আসার সময় কাঁটাতারে আঘাতপ্রাপ্ত হন তাঁরা। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ সহসভাপতি আবুল মনসুর সিকদার প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল করতে সংগঠনের সভাপতির অনুসারীরা আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করে।’ এ অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুল হক। তিনি বলেন, এ হামলার সঙ্গে ছাত্রলীগের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। হামলাকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।