এক দিন পরই যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের চাপ কমে যাওয়ায় নতুন করে উৎপাদন শুরুর এক দিন পরই জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন আজ বুধবার বন্ধ হয়ে গেছে। আজ ভোর তিনটার পর থেকে উৎপাদন বন্ধ হয়ে যায়। 

যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড (জেএফসিএল) সূত্রে জানা যায়, রমজান উপলক্ষে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ সচল রাখার জন্য গত ২৬ মে থেকে তিতাস গ্যাস কোম্পানি কারখানার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। ফলে কারখানায় ইউরিয়া সার উৎপাদন ৩৮ দিনের জন্য বন্ধ হয়ে যায়।
গত মঙ্গলবার থেকে সার উৎপাদন শুরু করা হয়। গত এক দিনে কারাখানায় ১ হাজার ২৫ টন সার উৎপাদিত হওয়ার পর ফের উৎপাদন বন্ধ হয়ে গেছে।
তিতাস গ্যাসের চাপ বৃদ্ধি করে উৎপাদন সচল করা না হলে আগামী রবি মৌসুমে তীব্র সারসংকট দেখা দিতে পারে বলে কারখানা সূত্রে জানা গেছে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খান জাবেদ আনোয়ার বলেন, গ্যাসের চাপ কমে যাওয়ায় সার উৎপাদন বন্ধ রয়েছে।