এক দিন বন্ধ থাকার পর আবারও রোহিঙ্গা প্রবেশ
বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে এসেছে ৪২৯ জন রোহিঙ্গা। আজ শনিবার ভোররাত তিনটা থেকে চারটা পর্যন্ত কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলারচর এলাকা দিয়ে সাতটি নৌকায় রোহিঙ্গারা অনুপ্রবেশ করেছেন। এ সময় অনুপ্রবেশের সহযোগিতার অভিযোগে ওই সাতটি নৌকা জব্দ করে এবং সাতজন মাঝিকে আটক করেছেন বিজিবি।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুরো ২৪ ঘণ্টা রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ থাকার পর আবার রোহিঙ্গাদের অনুপ্রবেশ হলো। নৌকার মাঝিদের (দালালদের) সহযোগিতায় মিয়ানমারের মংডু শহরের বিভিন্ন গ্রাম থেকে সাতটি নৌকায় করে শিশু, নারী, পুরুষসহ ৪২৯ জন রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। রোহিঙ্গারা এবার নাফ নদী সীমান্ত পয়েন্টকে বাদ দিয়ে সাগর উপকূলীয় পয়েন্ট শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকা দিয়ে ঢুকছে।
আরিফুল ইসলাম বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশের খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় গিয়ে রোহিঙ্গাদের একটি জায়গায় জড়ো করা হয়। এরপর তাদের সকালে সাবরাং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর হারবার পয়েন্ট ৭৪২ নম্বর ত্রাণ বিতরণ পাঠানো হয়েছে। সেনাবাহিনীর মাধ্যমে নতুন আসা রোহিঙ্গাদের নামের তালিকা, আঙুলে বিশেষ দাগের মাধ্যমে তাদের ত্রাণ, চিকিৎসা ও মানবিক সহায়তা দিয়ে ট্রাকে করে উখিয়ার কুতুপালং, থাইখালী ও বালুখালীতে তাদের জন্য নির্ধারিত রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।
আরিফুল ইসলাম বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশের সহযোগিতায় সাতজন দালালকে দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেন এবং পরে তাদের পুলিশের মাধ্যমে বিকেলে কক্সবাজার কারাগারে পাঠানো হয়।