জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আরেক দিন সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সে অনুযায়ী আজ বৃহস্পতিবারও আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করতে পারবে।এদিকে সাঈদীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পক্ষে করা মোট চারটি আবেদন গতকাল বুধবার খারিজ করেন এই ট্রাইব্যুনাল।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের শেষ দিন ছিল। আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম বলেন, তাঁদের পক্ষে নির্ধারিত সময়ে মামলার সারসংক্ষেপ ও আইনি বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ করা সম্ভব নয়। তাঁদের আরও সময় লাগবে। পরে ট্রাইব্যুনাল আরেক দিন সময় বাড়িয়ে দেন। গত মঙ্গলবার ট্রাইব্যুনাল আসামিপক্ষকে বুধবারের মধ্যে যুক্তি উপস্থাপন শেষ করতে বলেছিলেন।বিকেলে এই মামলার কার্যক্রম আজ পর্যন্ত মুলতবি করা হয়।গত ৬ ডিসেম্বর এই মামলার কার্যক্রম শেষে রায়ের অপেক্ষায় ছিল। কিন্তু স্কাইপে কথোপকথন বিতর্কের জের ধরে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানের পদ থেকে বিচারপতি নিজামুল হক পদত্যাগ করায় ১৩ ডিসেম্বর ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষকে আবার সাঈদীর বিরুদ্ধে মামলার সারসংক্ষেপ ও আইনি বিষয়ে যুক্তি উপস্থাপনের নির্দেশ দেন। এ জন্য রাষ্ট্রপক্ষকে দুই দিন ও আসামিপক্ষকে তিন দিন নির্দিষ্ট করে দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ১৭ জানুয়ারি দ্বিতীয় দফায় যুক্তি উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ।চার আবেদন খারিজ: একই ট্রাইব্যুনাল গতকাল সাঈদীর পক্ষে করা দুটি ও সাকা চৌধুরীর পক্ষে করা দুটি আবেদন খারিজ করেন। সাঈদীর পক্ষে করা আবেদন দুটি হলো: রাষ্ট্রপক্ষের সাক্ষীদের দেওয়া ট্রাইব্যুনালের সমন দেখার আবেদন, রাষ্ট্রপক্ষের ২৮তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন এবং আসামিপক্ষের ১৩তম সাক্ষী ও সাঈদীর ছেলে মাসুদ সাঈদীকে পুনরায় জেরার আবেদন। সাকা চৌধুরীর পক্ষে করা আবেদন দুটি হলো: প্রবাসী আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম নেওয়ার আবেদন এবং আহমেদ জিয়াউদ্দিনকে সরকার নিয়োগ দিয়েছিল কি না, তা অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চাওয়ার আবেদন। সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলার পরবর্তী কার্যক্রমের জন্য ২৮ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।নিজামীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ৩ ফেব্রুয়ারি: জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের জন্য ৩ ফেব্রুয়ারি দিন পুনর্নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল-১। জবানবন্দি দেওয়া রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী মুক্তিযোদ্ধা জহিরুদ্দিন জালালকে আসামিপক্ষ এখনো জেরা করেনি। গতকাল জেরার দিন ধার্য থাকলেও সাঈদীর মামলায় যুক্তি উপস্থাপন অব্যাহত থাকায় দিন পুনর্নির্ধারণ করা হয়।নিজামীর বিরুদ্ধে মামলায় কেবল রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।