জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার মাস আগে যোগদানের পর এক দিন অফিস না করেই আবার পাবনার বেড়া উপজেলায় বদলি হয়ে গেছেন প্রধান সহকারী কাম হিসাবরক্ষক আবদুস সালাম।নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই কর্মচারী বলেন, গতকাল বৃহস্পতিবার চার মাস ছুটি শেষে প্রাইভেটকার নিয়ে বদলি অর্ডারসহ ছাড়পত্র নিতে আসেন প্রধান সহকারী কাম হিসাবরক্ষক আবদুস সালাম। তিনি এক দিনও অফিস করেননি। ওনাকে সবাই বড় বাবু হিসেবে চেনে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আবদুস সালামকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। তিনি গত ১ সেপ্টেম্বর ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন। ওই দিনই তিনি চার মাসের চিকিৎসা ছুটি নিয়ে চলে যান। তাঁকে বেড়া উপজেলায় বদলি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লাইলি আক্তার বলেন, ‘ওপরের হুকুম তো মানতেই হবে। ছাড়পত্র না দিয়ে উপায় নেই।’