এক দিনে ছয় লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের একটি ও নোয়াখালীর দুটি স্থান থেকে গতকাল সোমবার মাত্র দুই ঘণ্টার ব্যবধানে ছয়টি লাশ উদ্ধার হয়েছে। তাঁদের অপহরণের পর হত্যা করে লাশ গুম করা হয় বলে ধারণা করা হচ্ছে।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের খুলশী ২ নম্বর গেট এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে কামরুল হাসান (১৮) ও মোহাম্মদ ফোরকান (২০) নামের দুই যুবকের লাশ পুলিশ উদ্ধার করেছে। দুজনেরই পায়ের রগ কাটা ছিল। কামরুল নগরের ওমর গণি এমইএস কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। ফোরকান নগরের ইপিজেডের একটি কারখানায় কাজ করতেন।
দুই যুবকের লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর নিহত যুবকদের স্বজন ও ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা নগরের ব্যস্ততম ২ নম্বর গেট এলাকায় বেলা ১১টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত সড়কে অবস্থান নেন। এ সময় গাড়ি ভাঙচুর করা হয়।
প্রায় একই সময়ে নোয়াখালীর হাতিয়ায় মেঘনার কূলে তিনটি লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায় কোস্টগার্ড। একটি লাশ সুখচর ইউনিয়নের বউ বাজারসংলগ্ন নদীর কূলে ও দুটি লাশ চর কিং ইউনিয়নের বগলার খালসংলগ্ন চরে দেখা যায়। পুলিশ দুটি লাশ উদ্ধার করতে পারলেও একটির এখনো খোঁজ মেলেনি।
নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম দেলিয়া গ্রামের একটি পুকুর ও পাশের খাল থেকে ছাত্রদলের এক নেতা ও যুবলীগের এক কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুজন হলেন স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন ওরফে আকাশ (২৫) ও চাটখিল পৌর যুবলীগের কর্মী আল-আমিন (২৬)। কারা তাঁদের খুন করেছে, তা কেউ বলতে পারছেন না।