নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জে এক দিনে তিনজন খুন হয়েছেন। এ ছাড়া রূপগঞ্জে একজন বৃদ্ধের লাশ উদ্ধার ও সিদ্ধিরগঞ্জে দুজন আত্মহত্যা করেছেন। বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ২১০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎকেন্দ্রের স্টোর সহকারী আবুল ফজল বুধবার রাতে নিখোঁজ হন। গতকাল সকালে বিদ্যুৎকেন্দ্রের সামনে ডিএনডি খালে তাঁর লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। তাঁর মাথায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আবুল ফজলের বাড়ি কুমিল্লার সদর থানার দক্ষিণ চর্থা গ্রামে। গতকাল ভোরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী মজিব মার্কেট এলাকায় বাড়ির পাশে পারভীন আক্তার (২৫) নামের পোশাক কারখানার একজন কর্মীকে কুপিয়ে ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে আশপাশের লোকজন পারভীনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পারভীন আদমজী ইপিজেডের সিম্বা ফ্যাশন নামের রপ্তানিমুখী পোশাক কারখানায় কাজ করতেন। তিনি পাইনাদী পূর্বপাড়া এলাকার মনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রপাড়া গ্রামে। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক জানান, কী কারণে কে বা কারা আবুল ফজলকে খুন করেছে, তা তদন্তের আগে বলা যাচ্ছে না। এ ছাড়া পারভীনের হত্যার সঙ্গে জড়িত সন্দেহে স্বামী আমিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এদিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় গতকাল ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে মর্জিনা আক্তার (২৬) নামের একজন গৃহবধূ আত্মহত্যা করেছেন। তবে মর্জিনার স্বামী ডিপ্লোমা প্রকৌশলী আবদুল গাফফার পুলিশকে জানিয়েছেন, মর্জিনার মানসিক সমস্যা ছিল। প্রায়ই তিনি অতিরিক্ত ট্যাবলেট খেতেন। সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় মো. বাদল (৩১) নামের একজন রংমিস্ত্রি আত্মহত্যা করেছেন। প্রেম করে বিয়ে করায় পরিবারের লোকজন তা মেনে না নেওয়ায় তিনি গতকাল সকালে স্পিরিট (রঙের কাজে ব্যবহূত) সেবন করেন। এতে গুরুতর অসুস্থ হলে তাঁকে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।সিদ্ধিরগঞ্জ থানার এসআই জামাল হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাচ্ছে না মর্জিনা আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে হত্যা করা হয়েছে। রূপগঞ্জের তারাবো টাটকী এলাকায় গতকাল দুপুর দেড়টার দিকে ফয়সাল আহমেঞ্চদ (২৬) নামের একজন যুবককে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে দৃর্বুত্তরা। ফয়সালের বাবা ফিরোজ মিয়া সাংবাদিকদের জানান, দুপুরে তারাবো দক্ষিণপাড়া এলাকার তমিজউদ্দিনের ছেলে সন্ত্রাসী জুয়েল মিয়া এবং তার সঙ্গী মাসুদ হোসেন, রুবেল মিয়া, মো. সোহেল ও মো. সুমন তার ছেলে ফয়সালকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা তারাবো হাটিপাড়া পাট গবেষণা কেন্দ্রের ভেতরে নিয়ে ফয়সালকে খুন করে। এ ছাড়া রূপগঞ্জের গোলাকান্দাইল দক্ষিণপাড়ার একটি ধানখেত থেকে গতকাল দুপুরে অমর চাঁন সাধু (৭৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার শত শত লোক তাঁর লাশ দেখতে ভিড় করে। তিনি গোলাকান্দাইল দক্ষিণপাড়া পূজামণ্ডপের ঠাকুর হিসেবে ৩২ বছর ধরে দায়িত্ব পালন করছিলেন।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে ফয়সালকে হত্যা করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অমর চাঁন সাধু হিটস্ট্রোকে মারা যেতে পারেন।