এক দিনে পাইকারিতে হালিতে ডিমের দাম বেড়েছে এক টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিনের ব্যবধানে রাজধানীতে ডিমের পাইকারি বাজারে প্রতি ১০০ ফার্মের মুরগির ডিমের দাম বেড়েছে ২৫ টাকা। অর্থাৎ হালিতে দাম বেড়েছে এক টাকা। তবে খুচরা পর্যায়ে দাম বাড়েনি। মুরগির দামেও পরিবর্তন হয়নি।ডিমের পাইকারি বাজার তেজগাঁওয়ে গতকাল বৃহস্পতিবার ফার্মের ১০০ ডিম বিক্রি হয় ৭৭৫ টাকায়। সে হিসাবে এক হালি ডিমের দাম পড়ে ৩১ টাকা। গত বুধবার ১০০ ডিম বিক্রি হয় ৭৫০ টাকায়। ১০০ হাঁসের ডিম বিক্রি হয় ৭৮০ থেকে ৮০০ টাকায়। অর্থাৎ প্রতি হালির দাম হয় ৩১-৩২ টাকা। পাইকারি বাজারে দেশি মুরগির ডিম তেমন বিক্রি হচ্ছে না।পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাব পড়েনি কাঁচাবাজারগুলোতে। গতকালও এক হালি ফার্মের ডিম বিক্রি হয় ৩৪ থেকে ৩৬ টাকায়। কোথাও কোথাও দু-এক টাকা বেশি নেওয়া হচ্ছে। হাঁস ও দেশি মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৪০ টাকার ওপরে।ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) তথ্য অনুযায়ী, ঢাকায় প্রতিদিন দেড় থেকে দুই কোটি ডিমের চাহিদা রয়েছে। সারা দেশের চাহিদা হচ্ছে তিন কোটি।খামারি ও পাইকারি ব্যবসায়ীরা জানান, এভিয়েন ইনফ্লুয়েঞ্জার (বার্ড ফ্লু) প্রাদুর্ভাবের কারণে সারা দেশে মুরগি নিধন হয়েছে এবং প্রতিদিনই হচ্ছে। এ কারণে খামারগুলোতে মুরগি কমে গেছে। তাই ডিমের উৎপাদন কম।খুচরা বিক্রেতারা বলেন, সরবরাহ-সংকটের কারণে পাইকারেরাই ডিমের দাম বাড়িয়েছেন।তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আমানতউল্লাহ গতকাল প্রথম আলোকে বলেন, ডিমের সংকট আরও বেড়েছে। তাই দামও বেড়েছে। যেসব খামারে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা হয়েছে, সেগুলোতে বাচ্চা উৎপাদন বন্ধ। আর নতুন করে যেসব খামার উৎপাদনে যাচ্ছে, সেগুলোতে বাচ্চা ফোঁটাতে আরও পাঁচ মাস লাগবে।বাজারে মুরগির দাম আর বাড়েনি। কাঁচাবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৬ টাকায়। ৭০০-৮০০ গ্রাম ওজনের মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকায়। ৮০০ গ্রাম ওজনের পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়।ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, আগে প্রতি সপ্তাহে ৯০ লাখ ব্রয়লার বাচ্চা উৎপাদন করা হতো। এখন হচ্ছে ৫০ লাখ। এ কারণে অবস্থার পরিবর্তন হতে সময় লাগবে। তিনি বলেন, একটা বাচ্চা বড় হয়ে ডিম পাড়তে ছয় মাস লাগে। তত দিন পর্যন্ত বাজারে ডিম ও মুরগির কিছুটা সংকট থাকবে।