এক দিনে পেঁয়াজের দাম বেড়েছে ১০ টাকা
মাত্র এক দিনের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। একই সঙ্গে বাজারে চাল, ভোজ্যতেল, আলু ও চিনির দামও বেড়েছে। কারওয়ান বাজারের খুচরা ব্যবসায়ী ইসরাইল হোসেন জানান, গত শুক্রবার প্রতি কেজি দেশি পেঁয়াজ তিনি ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি করেছিলেন। গত শনিবার তা এক লাফে বেড়ে ৪৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৪২ টাকায় বিক্রি করছেন। রাজধানীর শ্যামবাজারের ঢাকা বাণিজ্যালয়ের ব্যবসায়ী আবদুর রহিম জানান, কয়েক দিন ধরে ভারতীয় পেঁয়াজের আমদানি কম এবং দামও বেশি। আমদানি করা পেঁয়াজ বাজারে ঢুকলেও দাম খুব একটা কমবে না। গতকাল পাইকারি বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৩৬ থেকে ৩৮ টাকা এবং ভারতীয় ৩৬ থেকে ৩৭ টাকায় বিক্রি হয়েছে। অথচ গত বৃহস্পতিবার তা ছিল ৩০ থেকে ৩২ এবং ২৯ থেকে ৩৫ টাকা। চাল: গত কয়েক দিনে বাজারে সব ধরনের চালের দামও মণপ্রতি ২০ টাকা পর্যন্ত বেড়েছে। পুরান ঢাকার বাবুবাজারের জনপ্রিয় রাইস এজেন্সির আবদুল করিম জানান, বাজারে নাজিরশাইল ও গুটি চাল ওঠা শুরু হয়েছে। তবে এখনো মৌসুম পুরোদমে শুরু না হওয়ায় দাম একটু বেশি। নয়াবাজারের মুদি দোকানি কালা মিয়া জানান, বাজারে ৩৫ টাকার নিচে কোনো চাল নেই। গতকাল তাঁর দোকানে প্রতি কেজি মিনিকেট ৪০ থেকে ৪৫ টাকা, নাজিরশাইল ৩৮ থেকে ৪৭ টাকা, লতা ৩৭ থেকে ৪০ টাকা, পারিজা ৩৬ থেকে ৩৮ টাকা এবং গুটি চাল ৩৫ টাকায় বিক্রি হয়েছে। চিনি: গত বৃহস্পতিবার পুরান ঢাকার মৌলভীবাজারে প্রতি কেজি চিনির দাম ছিল ৪৫ টাকা ৯৫ পয়সা। গত শনিবার তা বিক্রি হয়েছে ৫০ টাকা ৯১ পয়সায়। অর্থাৎ এক দিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে চার টাকা ৯৬ পয়সা। গতকাল রোববার দাম কিছুটা কমে ৫০ টাকা ৫১ পয়সা হয়েছে। খুচরা বাজারে এই চিনি ৫৪ টাকা।মৌলভীবাজারের চিনি ব্যবসায়ী দেলোয়ার হোসেন ও আনোয়ার হাবিব জানান, আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে দাম বেড়েছে। কিছুদিন আগে প্রতি টন চিনির বুকিং ছিল ৬৫৫ থেকে ৬৬০ ডলার। বর্তমানে তা ৭৭৬ ডলারে পৌঁছেছে। তবে বাজারে পুরোনো সরবরাহ আদেশ (ডিও) থেকে চিনি তোলায় দাম এখনো তেমন বাড়েনি। ভোজ্যতেল: গত বৃহস্পতিবার মৌলভীবাজারে প্রতি কেজি খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ৯০ টাকা ৫৭ পয়সা, সুপার পাম ৮৩ টাকা সাত পয়সা এবং পাম তেল ৮১ টাকা ৮৩ পয়সা। আর গতকাল রোববার তা ছিল যথাক্রমে ৯১ টাকা ৩৭ পয়সা, ৮৩ টাকা ৬০ পয়সা এবং ৮১ টাকা ১৯ পয়সা কেজি। আর নয়াবাজারে খুচরা দর ছিল প্রতি কেজি ৯২, ৮৮ ও ৮৫ টাকা। আলু: গত ২৮ অক্টোবর বৃহস্পতিবার পুরান ঢাকার শ্যামবাজারে প্রতি কেজি আলুর দাম ছিল ১৪ থেকে ১৫ টাকা। গতকাল রোববার তা বিক্রি হয়েছে ১৬ থেকে সাড়ে ১৬ টাকায়। মেসার্স বাণিজ্যালয়ের মোহাম্মদ হীরা জানান, হিমাগার থেকে সরবরাহ কম থাকায় আলুর দাম একটু বেড়ে যায়। তবে বর্তমানে সরবরাহ স্বাভাবিক থাকায় দাম কমতে শুরু করেছে।