কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক দিনে গুরুত্বপূর্ণ নয়টি প্রশাসনিক পদে রদবদল হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার তাঁর নির্বাহী ক্ষমতাবলে এ নয়টি পদের রদবদল করেছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, এর মধ্যে কিছু পদে আগামী এক বছরের জন্য এবং কিছু পদে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত পদে আসীন থাকার নির্দেশনা রয়েছে। পদগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের প্রাধ্যক্ষ এস এম মোস্তফা কামালকে অব্যাহতি দিয়ে শাহাদৎ হোসেন আজাদকে, বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রাধ্যক্ষ দেবাশীষ শর্মাকে অব্যাহতি দিয়ে অধ্যাপক অশোক কুমার চক্রবর্তীকে, খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ সাইদুর রহমানকে অব্যাহতি দিয়ে অধ্যাপক এস এম মোস্তফা কামালকে, শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ এ এইচ এম আক্তারুল ইসলামকে অব্যাহতি দিয়ে অধ্যাপক মিজানুর রহমানকে আগামী এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।