এক দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণগেল পাঁচজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত দুদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ পাঁচজন মারা গেছেন। তাঁরা হলেন গৃহবধূ মাজেদা বেগম (৪০), মানসিক প্রতিবন্ধী মোস্তাফিজুর রহমান ওরফে আলীম (৪৭), ভ্যানচালক আবদুল খালেক মীর (৪৫), বিটিভির নিরাপত্তা ইন-চার্জ লুৎফর শাহ আলম (৫৩) ও পরিচ্ছন্নতাকর্মী নাছিমা আক্তার (৪০)।
পুলিশ ও নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে ভাটারা থানার অধীন নতুন বাজার বাঁশতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস গৃহবধূ মাজেদা বেগমকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। উদ্ধার করে সকাল সোয়া নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাজেদা বেগমকে মৃত ঘোষণা করেন। মাজেদা ভাটারায় নুরেরচালায় থাকতেন। তাঁর স্বামীর নাম আলাউদ্দিন।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে বেইলি রোড ক্রসিংয়ে মানসিক প্রতিবন্ধী মোস্তাফিজুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় পড়ে ছিলেন। তাঁকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত ১১টায় তাঁকে মৃত ঘোষণা করেন।
মোস্তাফিজুরের ভাই আরিফুর রহমান হাসপাতালে সাংবাদিকদের বলেন, তাঁর ভাই মোস্তাফিজুর ১৫ মে গ্রামের বাড়ি কুষ্টিয়া শহরের আদালতপাড়া থেকে নিখোঁজ হন।
এদিকে, মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে শাহ আলী থানার গড়ান চটবাড়ি এলাকায় মাইক্রোবাসের চাপায় ভ্যানচালক আবদুল খালেক মীর মারা গেছেন। তিনি মিরপুর ১ নম্বর সেকশনের এইচ ব্লকের গুদারাঘাটে থাকতেন। তাঁর বাড়ি বরগুনার বেতাগী উপজেলার কালিকাবাড়িতে।
মঙ্গলবার বেলা একটার দিকে রামপুরা টেলিভিশন সেন্টারের ৩ নম্বর ফটকের সামনের রাস্তায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় বিটিভির নিরাপত্তা ইন-চার্জ লুৎফর শাহ আলম গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দিন বলেন, শাহ আলম রামপুরা টেলিভিশন সেন্টারের সিকিউরিটি ইন-চার্জ হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল সকাল সাড়ে আটটার দিকে ফুলবাড়িয়া এলাকায় একটি বাসের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নাছিমা বেগম আহত হন। পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, তিনি দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তাঁর স্বামীর নাম মো. শাহজাহান। বাড়ি কুমিল্লার গৌরীপুরে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট পাঁচ থানায় পাঁচটি মামলা হয়েছে।
দুর্ঘটনায় মৃত্যু: মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে গুলশানের শাহাজাদপুর ক্যামব্রিয়ান কলেজের সামনে ট্রাক থামিয়ে মেরামত করার সময় মাথায় জ্যাকের আঘাতে ঘটনাস্থলে মারা যান ট্রাকচালক মোবারক হোসেন। তাঁর বাড়ি বাগেরহাটের দশআনি এলাকায়। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসায় থাকতেন।