এক দিনে সড়কে নিহত আরও ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় জেলায় গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সড়ক দুর্ঘটনায় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। এ নিয়ে শুক্রবার থেকে গত ছয় দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৮৫ জন।
ঢাকার বাইরে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে গতকাল আবার সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণ ঝরেছে। ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুই নারী। হতাহত ব্যক্তিরা সবাই অটোরিকশার আরোহী ছিলেন। বিকেলে বেতগাড়ি লিচুতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন নন্দীগ্রাম উপজেলার পরিবারকল্যাণ সহকারী শরীফা আকতার (৩৪), শেরপুর উপজেলার কলেজ রোডের অবসরপ্রাপ্ত সেনাসদস্য অটোরিকশাচালক আবুল কালাম আজাদ (৪০) ও নয়মাইল গ্রামের সাইফুল ইসলাম (৩৫)। এর আগে বুধবার শাজাহানপুরে দুর্ঘটনায় দুই কলেজছাত্রসহ চারজন নিহত হন।
বুধবার রাতে শাজাহানপুরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে আহত কলেজছাত্র রকিবুল ইসলাম রকি (১৮) ঢাকায় নেওয়ার পথে গভীর রাতে মারা গেছেন। তাঁর বন্ধু মেহেদী হাসান বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
বগুড়ার শেরপুরের কৃষ্ণপুরে মহাসড়কে ট্রাক-নছিমন সংঘর্ষে নছিমনচালক নিহত হয়েছেন। দুপুরের এ দুর্ঘটনায় আহত হন নছিমনের দুই যাত্রী। নিহত নছিমনচালক রিপন সোনারুর (২৭) বাড়ি সারিয়াকান্দি উপজেলার ধারাবাইশা গ্রামে।
গাজীপুর সিটি করপোরেশনের মারিয়ালিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের অজ্ঞাতপরিচয় এক আরোহী (৩৫) নিহত হয়েছেন। স্থানীয় লোকজন ট্রাকচালক রনিকে (২৬) ধরে পুলিশে সোপর্দ করেন।
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের ভবানীপুর গ্রামে গতকাল বিকেলে ট্রাকচাপায় রনি হোসেন (১৩) নামের সপ্তম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। সে এ ইউনিয়নের কাশীনাথপুর গ্রামের আলম হোসেনের ছেলে ও হামছিয়া উচ্চবিদ্যালয়ের ছাত্র।
যশোরের মনিরামপুর উপজেলায় বালুভর্তি একটি ট্রাক গাছের গায়ে ধাক্কা দিলে চালক রেজাউল করিম (৩৬) নিহত হন। এতে আহত হয়েছেন তাঁর সহকারী আল-আমিন (২৫)। গতকাল ভোরে বিজয়রামপুর গ্রামের বাঁধাঘাটা এলাকায় যশোর-চুকনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইলের ভূঞাপুরে গতকাল সিএনজিচালিত অটোরিকশা উল্টে স্কুলশিক্ষক শহিদুল ইসলাম নিহত হয়েছেন। তিনি উপজেলার জঙ্গীপুর রুলিপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার চৌধুরী জানান, বিদ্যালয়ে যাওয়ার পথে ভূঞাপুর-গোবিন্দাসী সড়কের ছাব্বিসা এলাকায় শিক্ষককে বহনকারী অটোরিকশা উল্টে যায়। এতে শিক্ষকসহ পাঁচজন আহত হন। গুরুতর আহত শিক্ষককে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখানে তাঁর মৃত্যু হয়।
চট্টগ্রাম নগরের বন্দর থানার মুনসিপাড়া এলাকায় গতকাল বিকেলে ট্রাকচাপায় মো. ফারহাদ (৮) নামের এক শিশু নিহত হয়েছে। সে হালিশহর মকবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। বন্দর থানার উপপরিদর্শক মো. মহিউদ্দিন জানান, ফারহাদ সড়কে খেলার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফারহাদের বাবা মো. বাহার ট্রাকশ্রমিক ও মা শাহান আরা বেগম পোশাকশ্রমিক।