দেশের পাঁচ জেলায় ছয়টি হত্যা মামলায় গতকাল সোমবার ২৪ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে গাজীপুরে যুবলীগ নেতা হত্যার দায়ে ১১ জন, সিলেটে শিশু আবু সাঈদ হত্যা মামলায় ৩ জন, চট্টগ্রামে অটোরিকশাচালককে খুনের দায়ে ৪ জন, নারায়ণগঞ্জে এক স্কুলছাত্র ও এক স্কুলছাত্রী হত্যার দুই মামলায় ৫ জন এবং কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া রাজধানীর শ্যামপুর এলাকার এক ব্যবসায়ী হত্যা মামলায় নিহত ব্যক্তির স্ত্রীসহ পাঁচজনের ফাঁসির দণ্ড বহাল রেখেছেন উচ্চ আদালত।
ঢাকা ও ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গাজীপুরে যুবলীগ নেতা হত্যায় ১১ জনের ফাঁসি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জালাল উদ্দিন সরকার (৩৫) খুনের মামলার রায়ে ১১ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া ওই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা সবাই কাপাসিয়া উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মী। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তিরা হলেন কাপাসিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি বেলায়েত হোসেন ওরফে বেল্টু ও আবদুল আলীম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. ফারুক হোসেন, যুবদল কর্মী জয়নাল আবেদীন, আতাউর রহমান, ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল হালিম ফকির, যুবদল কর্মী জজ মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য আল আমিন, মাহবুবুর রহমান ওরফে রিপন ও কাপাসিয়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. জুয়েল। এঁদের মধ্যে শেষের পাঁচজন পলাতক।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ১৭ আগস্ট কাপাসিয়া উপজেলার পাবুর বলখেলা বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় খুন হন জালাল উদ্দিন সরকার। তাঁর বড় ভাই মিলন উদ্দিন সরকার কাপাসিয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় কাপাসিয়া উপজেলা যুবদল ও ছাত্রদলের ১১ জনকে আসামি করা হয়।
নিহত জালাল উদ্দিনের বাবা আমজাদ হোসেন সরকার বলেন, ‘ছেলে হত্যার বিচার হয়েছে। এখন মরেও শান্তি পাব।’
চট্টগ্রামে অটোরিকশাচালক হত্যার রায়: মো. ইউসুফ নামের এক অটোরিকশাচালককে খুনের দায়ে চারজনকে ফাঁসি এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। জননিরাপত্তা ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক সৈয়দা হোসনে আরা গতকাল এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডাদেশ পাওয়া চার ব্যক্তি হলেন নুরুল আলম, আবুল কালাম, মো. রুবেল ও মো. কাওসার। এঁদের মধ্যে কাওসার ছাড়া বাকিরা পলাতক। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আরিফুল ইসলাম এবং এস এম নঈমুদ্দিন। দুজনের মধ্যে আরিফুল পলাতক রয়েছেন।
জননিরাপত্তা ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ২০০৮ সালের ৩ মে নগরের বহদ্দারহাট এলাকা থেকে আনোয়ারার মোহছেন আউলিয়ায় যাওয়ার কথা বলে চালক মো. ইউসুফের গাড়িটি ভাড়া করেন আসামিরা। পথে বোয়ালখালীর গোমদণ্ডী এলাকায় চালককে খুন করে তাঁরা গাড়িটি নিয়ে চলে যান। তাঁরা গাড়ি নিয়ে সাতকানিয়া পৌঁছালে স্থানীয় লোকজন তাঁদের ধরে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় চালকের খালাতো ভাই মো. হাশেম বোয়ালখালী থানায় হত্যা মামলা করেন।
নারায়ণগঞ্জে দুই রায়: বন্দর উপজেলার স্কুলছাত্র রাকিবুল হাসান ইমনকে অপহরণের পর হত্যার দায়ে চার আসামিকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মিয়াজী শহীদুল ইসলাম গতকাল এ রায় ঘোষণা করেন। এর আগে একই আদালত এই মামলার অপর আসামি আল আমিন কিশোর হওয়ায় কিশোর অপরাধ আইনে তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেন।
গতকাল ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার ব্যক্তি হলেন বন্দর উপজেলার কামতাল মালিভিটা এলাকার সাইফুর রহমান ও তোফাজ্জল হোসেন, শাহজাহান ও জামান। এর মধ্যে শাহজাহান ও জামান পলাতক রয়েছেন।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি আবদুর রহিম জানান, নিহত ইমনের বাবা নুরু মিয়া মরিশাসপ্রবাসী। মোটা অঙ্কের মুক্তিপণ পাওয়ার আশায় নবম শ্রেণির ছাত্র ইমনকে অপহরণের পরিকল্পনা করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি। ২০১৪ সালের ২৯ জানুয়ারি সন্ধ্যায় ইমন মসজিদের ইমামের রাতের খাবার দিয়ে বাড়ি ফিরছিল। পথে চাচাতো ভাই আল আমিনের মাধ্যমে ইমনকে ডেকে নিয়ে অপহরণ করেন আসামিরা। কিন্তু ইমন আসামিদের চিনে ফেলায় ওই দিন রাতেই আসামিরা তাকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর তার মা ফেরদৌসী বেগমের কাছে মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি পুলিশকে জানালে ৩৫ দিন পর আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী নিহতের বাড়ির পেছনের একটি ডোবা থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।
এ ছাড়া ঢাকার ডেমরার মাতুয়াইলের স্কুলছাত্রী সোনিয়া আক্তারকে নারায়ণগঞ্জের একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে আসামি দেলোয়ার হোসেনকে ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম রাশেদুজ্জামান গতকাল এ রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত সরকারি কৌঁসুলি রাকিব উদ্দিন জানান, ২০০৮ সালের ২৯ আগস্ট স্কুলে যাওয়ার পথে মাতুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সোনিয়া আক্তারকে অপহরণ করেন আসামি দেলোয়ার হোসেন। পরে সোনিয়াকে নারায়ণগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে আসামি পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের মা সাবিনা ইয়াসমিন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।
কুষ্টিয়ায় স্বামীর মৃত্যুদণ্ড: জেলার দৌলতপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি হলেন রোকন মণ্ডল (২৮)। তিনি দৌলতপুর উপজেলার কামালপুর গ্রামের হুলি মণ্ডলের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের ২৬ আগস্ট রাতে আসামি রোকন মণ্ডল যৌতুকের দাবিতে স্ত্রী লাইলী বেগমকে শ্বাসরোধে হত্যার পর বাড়ির পাশের জঙ্গলে লাশ পুঁতে রাখেন। পরদিন সকালে লাইলীর বাবা একই উপজেলার নজীবপুর গ্রামের লালচাঁদ মণ্ডল মেয়ের বাড়িতে গিয়ে মেয়েকে না পেয়ে বিষয়টি পুলিশকে জানান। তিন দিন পর রোকনের বাড়ির পেছনের জঙ্গল থেকে লাইলীর লাশ উদ্ধার করা হয়।
ব্যবসায়ী হত্যায় স্ত্রীসহ পাঁচজনের ফাঁসি বহাল: রাজধানীর শ্যামপুর থানায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যা মামলায় স্ত্রী সুমাইয়া কানিজ ওরফে সাগরিকাসহ পাঁচ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। ফাঁসির রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল এবং ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানি শেষে বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এ রায় দেন।
সুমাইয়া ছাড়া যে চার আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রয়েছে তাঁরা হলেন ইব্রাহীম, হিজড়া খলিল, আল আমিন ও খলিল শেখ। তবে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আরেক আসামি আলী আশরাফ ওরফে লিটনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৮ সালের ৪ নভেম্বর জাহাঙ্গীর আলমের স্ত্রী সুমাইয়া ও অন্য আসামিরা জাহাঙ্গীরকে পরিকল্পিতভাবে হত্যা করেন। সুমাইয়ার সঙ্গে আসামি লিটন ও ইব্রাহীমের অবৈধ সম্পর্ক ছিল। এ কাজে বাধা দেওয়ায় আসামিরা জাহাঙ্গীরকে হত্যা করে। এ ঘটনায় জাহাঙ্গীরের বাবা ফিরোজ আলম বাদী হয়ে সুমাইয়াসহ সাতজনকে আসামি করে শ্যামপুর থানায় হত্যা মামলা করেন। ২০১০ সালের ২১ জুন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ সুমাইয়াসহ ছয়জনকে মৃত্যুদণ্ড এবং একজনকে খালাস দেন।