এক দিনে ৩০ হাজার টন গম সংগ্রহ!
এক দিনেই ৩০ হাজার টন গম সংগ্রহ করার রেকর্ড সৃষ্টি হয়েছে। এটি হয়েছে খাদ্য বিভাগের গম সংগ্রহ অভিযানের শেষ দিনে, ৩০ জুন। আর ২৮ দিনে সংগ্রহ হয়েছে ২৪ হাজার টন। ছয় মন্ত্রী ও ৬০ সাংসদের অনুরোধে খাদ্য অধিদপ্তর নতুন করে এক লাখ টন গম সংগ্রহ করতে গিয়ে এ ঘটনা ঘটে।
খাদ্য বিভাগের শীর্ষ কর্মকর্তারা এই অস্বাভাবিক গতিকে সন্দেহজনক মনে করছেন। খাদ্য বিভাগের মহাপরিচালক এর ব্যাখ্যা চেয়ে গত ৩০ জুন চার বিভাগের ৩৬ জেলা খাদ্য নিয়ন্ত্রকের (ফুড) কাছে চিঠি পাঠিয়েছেন।
খাদ্য অধিদপ্তরের এর আগের রেকর্ড অনুযায়ী কখনোই এক দিনে সারা দেশে আট হাজার টনের বেশি গম সংগৃহীত হয়নি। আর এমন সময় এই গম সংগ্রহ হয়েছে, যখন কৃষকের হাতে কোনো গম নেই। কেননা, মার্চে গম কাটা শেষ হয়েছে। আর সাধারণত কৃষক গম কাটার এক থেকে দুই মাসের মাথায় তা বিক্রি করে দেন।
কৃষকের হাতের গম শেষ হয়ে গেলেও মে ও জুনের বিভিন্ন সময়ে ছয় মন্ত্রী ও ৬০ সাংসদ কৃষকের ন্যায্যমূল্য পাওয়ার দোহাই দিয়ে নিজ নিজ জেলায় গম সংগ্রহ বাড়ানোর জন্য খাদ্যমন্ত্রীকে চিঠি দেয়। মন্ত্রণালয় জুনের প্রথম সপ্তাহে আরও এক লাখ টন গম সংগ্রহ বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ফয়েজ আহমেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘মেয়াদের শেষ দিনে সংগ্রহের যে চিত্র আমি পেয়েছি তা বিস্ময়কর। এই অস্বাভাবিক চিত্র জানতে আমি চার বিভাগে চিঠি দিয়েছি। যারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারবে না, তাদের জন্য বিভাগীয় শাস্তি অপেক্ষা করছে।’
খাদ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী বর্তমানে রাশিয়া থেকে গম আমদানি করলেও প্রতি কেজি গমের দাম পড়ে ১৮ থেকে ২০ টাকা। আর সরকার ওই গম কিনছে ২৮ টাকা দরে। যুক্তি হিসেবে তারা কৃষকের ন্যায্যমূল্য পাওয়ার বিষয়টি চিঠিতে উল্লেখ করেছে।
মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, মূলত সরকারদলীয় সাংসদ ও নেতাদের অনুরোধে এবং তাঁদের মুনাফা দিতেই বাজার দরের চেয়ে ১০০ কোটি টাকা বেশি দরে ওই গম কেনার সিদ্ধান্ত নেয় অধিদপ্তর। কেননা আন্তর্জাতিক বাজার থেকে এক লাখ টন গম কিনতে লাগবে বড়জোর ২০০ কোটি টাকা। কিন্তু সরকার ওই গম অভ্যন্তরীণ উৎস থেকে ৩০০ কোটি টাকা দিয়ে কিনছে।