এক দিনে ৫০ হাজার ছাগল-ভেড়াকে টিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগরের সব ছাগল ও ভেড়াকে গতকাল শনিবার একযোগে প্রতিষেধক টিকা (ভ্যাকসিন) দেওয়া হয়েছে। গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন এর উদ্যোগ নেয়।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাফিজ প্রথম আলোকে বলেন, উপজেলায় মোট ৫০ হাজার ছাগল-ভেড়া রয়েছে। এর শতভাগই এ কর্মসূচির আওতায় আনার চেষ্টা করা হয়েছে। এ জন্য গতকাল উপজেলার ৯০টি স্থানে টিকাদান কেন্দ্র খোলা হয়। সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকাদান চলে। তবে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও কিছু ছাগল-ভেড়া এড়িয়ে যেতে পারে। পরবর্তীতে প্রতিটি গ্রামে অনুসন্ধান চালিয়ে সেগুলোকেও টিকা দেওয়া হবে।
কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষায় এক দিনেই উপজেলার সব ছাগল-ভেড়ার বিনা মূল্যে টিকা দেওয়ার এ ব্যতিক্রমী উদ্যোগ নেয় উপজেলা পরিষদ। এতে সহযোগিতা করে ইউএনওর কার্যালয় ও প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। পূর্বঘোষণা অনুযায়ী লোকজন তাঁদের ছাগল-ভেড়া নিয়ে সকাল থেকেই নিকটস্থ টিকাদান কেন্দ্রে ভিড় জমান। গ্রামে গ্রামে উৎসবমুখর পরিবেশে বিকেল পর্যন্ত টিকাদান চলে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু মো. আবদুল লতিফ টিকা কেন্দ্রগুলোর স্বেচ্ছাসেবকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘টিকা নিয়ে অহেতুক ভীতি থাকায় কয়েকটি গ্রামে অল্পসংখ্যক ছাগল-ভেড়াকে টিকাকেন্দ্রে আনা হয়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।