এক দিনে ৯৫টি মামলার অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর আগে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে পুলিশ জেএমবির শীর্ষ নেতা মাওলানা সাইদুর রহমানসহ তিন সক্রিয় সদস্যের বিরুদ্ধে রাজধানীর কদমতলী থানায় মামলা করে। তদন্ত শেষে ২০১০ সালের ৭ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ঢাকার মহানগর দায়রা আদালত অপরাধ আমলেও নেন। মামলাটি বিচারের জন্য পাঠানো হয় ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে, বিচার শুরু হয় ২০১১ সালের ১৬ জানুয়ারি। পাঁচজনের সাক্ষ্য নেওয়া হয়।
কিন্তু গত বছরের ৮ সেপ্টেম্বর ওই আদালত এক আদেশে বলেন, সরকারের অনুমোদন ছাড়াই ঢাকার মহানগর দায়রা জজ আদালত এই মামলার অপরাধ আমলে নিয়েছেন। তাই সরকারের অনুমোদনের জন্য মামলার নথি ঢাকার মহানগর আদালতে ফেরত পাঠানো হয়। পরে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পক্ষ থেকে অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। চিঠিতে এটিসহ ১১৭টি মামলা সন্ত্রাসবিরোধী আইনে নেওয়ার জন্য অনুমোদন চাওয়া হয়।
প্রায় দুই সপ্তাহ চিঠি চালাচালির পর ওই চিঠিতে উল্লেখ করা মামলাসহ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের নেতা-কর্মী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে করা মোট ৯৫টি মামলা সন্ত্রাসবিরোধী আইনে নেওয়ার অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত বৃহস্পতিবার এক দিনে অনুমোদন দেওয়া এসব মামলা ২০০৯ সাল থেকে ২০১৪ সালে দায়ের করা হয়েছে। আসামির সংখ্যা এক হাজারের বেশি। আসামিদের বেশির ভাগই জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম এসব মামলা অনুমোদনের চিঠিতে সই করেছেন বলে পুলিশ অধিদপ্তর সূত্রে জানা গেছে।
একই সঙ্গে গুলশান, শোলাকিয়াসহ চলমান জঙ্গি হামলার মামলাও সন্ত্রাসবিরোধী আইনে অনুমোদন দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের পরামর্শ দেওয়া হয়েছে। এ আইনে নাশকতার জন্য অর্থের জোগানদাতাদেরও বিচার করা যাবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার সূত্র জানায়, কয়েকটি মামলার প্রজ্ঞাপনে বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর আওতায় এই ৯৫টি মামলা ৪০ উপধারা (২)-এর বিধান অনুযায়ী সরকারের পূর্বানুমোদন দেওয়া হলো।
জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা জঙ্গি ও দুর্বৃত্তদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা নেওয়ার অনুমোদন দিয়েছি। এ আইনে মামলা নেওয়ার উদ্দেশ্য হলো আসামিরা যাতে জামিন না পান এবং ৬০ দিনের মধ্যেই বিচার শেষ হয়। সম্প্রতি যেসব নাশকতার ঘটনা ঘটছে, এগুলোর অধিকাংশই এ আইনে নিতে বলা হয়েছে।’
বিচারপ্রক্রিয়ার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এসব মামলার বিচারকাজ যাতে দ্রুত হয়, সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’
প্রসঙ্গত, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার অভিযোগপত্র আদালতে দাখিলের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার নিয়ম থাকলেও পুলিশ কর্মকর্তারা তা না নিয়েই আদালতে পাঠিয়ে দেওয়ায় জটিলতা তৈরি হয়েছিল। সন্ত্রাসবিরোধী আইনের ৪০ (২) ধারায় বলা হয়েছে, ‘সরকারের পূর্বানুমোদন ছাড়া কোনো আদালত এই আইনের অধীন কোনো অপরাধ আমলে নিতে পারবেন না।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা জানান, ১১৭টি মামলার ১৯টিতে তাঁরা অনেক আগেই অনুমোদন দিয়েছেন। ৯৫টি মামলা বৃহস্পতিবার অনুমোদন দেওয়া হয়েছে। আরও তিনটি মামলার কাগজপত্রে জটিলতা থাকায় তা অনুমোদন দেওয়া হয়নি।
সূত্র জানায়, পুলিশের গাফিলতির কারণে অনুমোদন না মেলায় ঝুলে আছে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের শীর্ষ তিন নেতার বিচারও। এঁদের মধ্যে রয়েছেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রাহমানী, জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান মাওলানা সাইদুর রহমান ও হিযবুত তাহ্রীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদ। এ তিনটি মামলা ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে করা হয়।
পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশন বিভাগ সূত্রে জানানো হয়েছিল, ২০০৯ সালে সন্ত্রাসবিরোধী আইন পাস হওয়ার পর রাজধানীর ৪০টি থানায় মোট ৩৬৫টি মামলা হয়েছে। এর মধ্যে ৩৫০টি মামলা হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ও হিযবুত তাহ্রীরের বিরুদ্ধে। এসব মামলায় জেএমবির ১৫৩ জন ও হিযবুত তাহ্রীরের ২১৫ জনকে আসামি করা হয়েছে।
এর আগে গত বছরের ৮ মার্চ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক সহিংসতা ও নাশকতার ঘটনায় করা প্রায় ১০০ মামলা সন্ত্রাসবিরোধী আইনে নেওয়ার পূর্বানুমোদন দেওয়া হয়।