এক দিনেই উঠে গেল কার্পেটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা শহীদ মুক্তিযোদ্ধা সিপাহি শহিদুল হক সড়ক সংস্কারে অনিয়ম করার অভিযোগ পাওয়া গেছে। কার্পেটিং করার এক দিনের মধ্যেই তা উঠে গেছে। নিম্নমানের কাজ করার সত্যতা পেয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কসবা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার মজলিশপুর ও চণ্ডীদ্বার এলাকার শহীদ মুক্তিযোদ্ধা সিপাহী শহিদুল হক সড়ক সংস্কারের জন্য এলজিইডির পল্লী সড়ক ও কালভার্ট মেরামত ও সংরক্ষণ খাত প্রকল্পের আওতায় ২০১৩-১৪ অর্থবছরে ৩০ লাখ ১৩ হাজার ৮০১ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি পায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরের নিয়াজপার্ক কাউতলী এলাকার মেসার্স মোস্তফা কামাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। জুন মাসে কাজ শেষ করার কথা। পরে ঠিকাদারের আবেদনের পরিপ্রেক্ষিতে জুলাই মাস পর্যন্ত সময় বাড়ানো হয়।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, সড়কটির দুরুইল এলাকা থেকে প্রায় এক কিলোমিটারে কার্পেটিং করা হয়েছে। কিন্তু বেশির ভাগ স্থানে কার্পেটিং উঠে গিয়ে নিচের অংশ বের হয়ে আছে। এলজিইডির নির্দেশ পাওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রেখেছে।
স্থানীয় লোকজন জানান, গত মঙ্গল ও বুধবার দুই দিনে এক কিলোমিটার রাস্তা কার্পেটিং করা হয়। কিন্তু এক দিনের মধ্যেই কার্পেটিং উঠে গেছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা কামালের প্রতিনিধি রহিম দাবি করে বলেন, ‘দরপত্র অনুযায়ী শতভাগ কাজ করেছি। এলাকার লোকজন নিজেরাই কুপিয়ে কার্পেটিং উঠিয়ে দিচ্ছে।’ তবে কী কারণে এলাকাবাসী কার্পেটিং উঠাচ্ছে জানতে চাইলে তিনি চুপ থাকেন।
এলজিইডির কসবা কার্যালয় সূত্রে জানা গেছে, দরপত্র অনুযায়ী কার্পেটিংয়ের পুরুত্ব ২৫ মিলিমিটার দেওয়ার কথা। কিন্তু ঠিকাদারের লোকজন ১৯ থেকে ২০ মিলিমিটার পুরু কার্পেটিং দিয়েছে। এ কারণে কার্পেটিং উঠে যাচ্ছে। গত মঙ্গলবার কার্পেটিং শুরু হওয়ার দিনই ঠিকাদারের লোকজন এভাবে কাজ শুরু করে। ঠিকাদারের লোকজনকে বারবার বলার পরও এভাবে কাজ করায় সড়কের কাজ তদারকির দায়িত্বে থাকা এলজিইডির কর্মকর্তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া ওই দিনই ঠিকাদারকে কাজ বন্ধ রাখার জন্য চিঠি দেওয়া হয়েছে।
উপজেলা প্রকৌশলী আবদুল বাছির বলেন, কাজের মান খারাপ হয়েছে। কার্পেটিংয়ের কাজ বন্ধ করার নির্দেশ দিলেও ঠিকাদার ওই দিন (মঙ্গলবার) কাজ বন্ধ করেননি। দরপত্রের শর্তানুযায়ী কাজ না করে নিজের ইচ্ছামতো কাজ করায় তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের সড়ক থেকে সরিয়ে আনা হয়েছে।