এক দিনেই ফেসবুকে শতকোটি মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের জনপ্রিয় অনলাইন মাধ্যম ফেসবুকের জন্য গত সোমবার ছিল একটি স্মরণীয় দিন। সেদিন সারা বিশ্বের ১০০ কোটি মানুষ ফেসবুকে ঢুঁ মেরেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এবং সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ গত বৃহস্পতিবার তাঁর ফেসবুক পেজে দিয়েছেন এ তথ্য। খবর এএফপি ও গার্ডিয়ানের।
জাকারবার্গ লিখেছেন, ‘আমরা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক পেরিয়েছি। সোমবার বিশ্বের প্রতি সাতজনের একজনই তাঁদের বন্ধু ও পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগের জন্য ফেসবুক ব্যবহার করেছেন। অর্থনৈতিক বিষয়ে আমরা গড় সংখ্যা ব্যবহার করলেও সোমবারের বিষয়টি আলাদা। এই প্রথম আমরা এ মাইলফলকে পৌঁছলাম। এর মধ্য দিয়ে সারা বিশ্বকে সংযুক্ত করার যাত্রা শুরু হয়েছে।’
বড় এই অর্জন উপলক্ষে জাকারবার্গ একটি ভিডিওচিত্রও প্রকাশ করেছেন ফেসবুকে। নিজেদের অর্জনের সর্বশেষ হিসাব (গত মাসে হালনাগাদ করা) অনুযায়ী ফেসবুক কর্তৃপক্ষ জানায়, মাসব্যাপী সক্রিয় গ্রাহকের সংখ্যা এক বছর আগে ছিল ১৪৯ কোটি। এখন সেটা ১৩ শতাংশ বেড়েছে। আর বিভিন্ন ধরনের মোবাইল যন্ত্রে সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩১ কোটি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ফেসবুকের ওয়েবসাইট ব্যবহারকারীর সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিদিন গড়ে ৯৬ কোটি ৮০ লাখ মানুষ এ যোগাযোগমাধ্যম ব্যবহার করেছে।