এক দিনেই বিদ্যুৎ-সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিদ্যুতের মিটারের জন্য মাসের পর মাস পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে গিয়ে ধরনা দিয়েছি। কিন্তু এখন কারও কাছে ছুটতে হচ্ছে না। সমিতির লোকজন এসে বাড়ির পাশে ক্যাম্প করে জামানতের টাকা জমা নিয়ে দিনে দিনেই মিটার লাগিয়ে দিচ্ছে। যা স্বপ্নের মতোই মনে হচ্ছে আমার কাছে।’ কথাগুলো নোয়াখালীর সেনবাগ উপজেলার অজুর্নতলা গ্রামের স্থানীয় মসজিদের ইমাম রুহুল আমিনের।
গতকাল শনিবার স্থানীয় এমএম চৌধুরী মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের সামনে পল্লী বিদ্যুৎ সমিতির ক্যাম্পে তিনি এসব কথা বলেন।
সরেজমিনে দেখা যায়, বিদ্যুৎ-সংযোগের জন্য ক্যাম্পে এসেছেন গ্রামের অনেক মানুষ। সেখানে ছিলেন কয়েকজন নারীও। তাঁদের কারও হাতে ছিল মিটারের আবেদনের কপি। কারও হাতে মিটারের জামানতের টাকা।
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, গ্রাহকদের দালালের খপ্পর থেকে রক্ষা করতেই সমিতির এই আয়োজন। প্রাথমিকভাবে সেনবাগ উপজেলায় এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কারণ এ উপজেলায় গত তিন-চার বছর বিদ্যুৎ-সংযোগ দেওয়া বন্ধ ছিল। এতে প্রায় ১৯ হাজার ৭৯৩টি নতুন সংযোগের আবেদন জমে যায়।
সূত্র জানায়, একসঙ্গে বিপুল পরিমাণ আবেদন জমা পড়ায় এক শ্রেণির দালাল সক্রিয় হয়ে ওঠে। তারা গ্রাহকদের মিটার লাগিয়ে দেওয়ার কথা বলে লোকজনের কাছ থেকে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয় বলে অভিযোগ ওঠে। এ পরিস্থিতিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশে গ্রাহকদের দালালদের হাত থেকে রক্ষা করতে এভাবে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন ছয়টি আলাদা দল আবেদনকারীদের এলাকায় গিয়ে সরাসরি যোগাযোগ করবে। কাগজপত্র যাচাই-বাছাই করে সঙ্গে সঙ্গে মিটারের জামানতের টাকা জমা নেবে এবং মিটার স্থাপন করে বিদ্যুৎ-সংযোগ দেবে। পাশাপাশি কোনো এলাকায় ট্রান্সফরমার পরিবর্তনের প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে তা-ও করে দেওয়া হবে।
দক্ষিণ অজুর্নতলার পর একে একে কাবিলপুর ইউনিয়নের মধ্যম আজিজপুর, কাদরা ইউনিয়নের চাঁদপুর ও ছাতারপাইয়া ইউনিয়নের পল্লিমঙ্গল বিদ্যালয়সংলগ্ন দোকানঘরে গিয়ে দেখা যায়, নতুন বিদুৎ-সংযোগ নিয়ে গ্রাহকেরা খুবই উৎফুল্ল।
কলেজশিক্ষক মমিন উল্লা বলেন, দালালদের কাছে না গিয়ে তিনি সরাসরি ক্যাম্পে সমিতির লোকজনের হাতে মিটারের জামানতের টাকা জমা দিয়েছেন।
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) শংকর লাল দত্ত প্রথম আলোকে বলেন, জনগণের দোরগোড়ায় গ্রাহকসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়গুলোকে দালালমুক্ত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। শিগগিরই অন্যান্য উপজেলায় একই প্রক্রিয়ায় গ্রাহকদের নতুন সংযোগ দেওয়া হবে।