এক দিনের জন্য ডেনমার্কের ছায়া রাষ্ট্রদূত তালবিয়া

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্রী তালবিয়া তানভিরকে এক দিনের জন্য ছায়া রাষ্ট্রদূত হিসেবে বেছে নিয়েছে ডেনমার্ক। আগামী সপ্তাহে এক দিনের জন্য তিনি ঢাকায় ডেনমার্কের ছায়া রাষ্ট্রদূত হিসেবে কাজ করবেন।
ডেনমার্ক দূতাবাস জানিয়েছে, আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে উল্লেখযোগ্যসংখ্যক আবেদনকারীর মধ্য থেকে তালবিয়াকে নির্বাচিত করা হয়েছে। আগামী সপ্তাহে দায়িত্ব পালনের আগে নিজের কাজের প্রস্তুতি নিতে তালবিয়া গত বুধবার ডেনমার্ক দূতাবাসে গিয়ে রাষ্ট্রদূত আনা ফুগল এসকয়ারের সঙ্গে দেখা করেন।
কূটনীতিক হিসেবে সরাসরি দায়িত্ব পালনের মাধ্যমে নারী নেতৃত্ব বিকাশের জন্য একজন বাংলাদেশি তরুণীকে অনন্য সুযোগটি করে দিয়েছে ডেনমার্ক দূতাবাস। একটি দূতাবাসের কার্যক্রম এবং সত্যিকারের আন্তর্জাতিক পরিমণ্ডলে রাজনীতি, উন্নয়ন ও ব্যবসা একসঙ্গে কীভাবে কাজ করে, সে সম্পর্কে জানার সুযোগ পাবেন ছায়া রাষ্ট্রদূত।
ডেনমার্ক দূতাবাস বলছে, ছায়া রাষ্ট্রদূতের এই ধারণা বাংলাদেশের তরুণীদের মধ্যে আগ্রহের সৃষ্টি করবে। নারী রাষ্ট্রদূতদের নেতৃত্বে পরিচালিত কয়েকটি দূতাবাস এই উদ্যোগে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সুযোগটি পেয়ে বেশ উচ্ছ্বসিত তালবিয়া। তিনি এই সুযোগ কাজে লাগিয়ে যতটা সম্ভব শিখতে এবং নিজের যোগাযোগের পরিধি বাড়াতে আগ্রহী।