এক দিনের জন্য ধোয়ামোছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ধোয়ামোছা আর রঙের কাজ চলছে। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ধোয়ামোছা আর রঙের কাজ চলছে। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

কাল মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি ঘিরে ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের ধোয়ামোছা শুরু হয়েছে। আর বাকি সময়টা পড়ে থাকে অবহেলায়।
জেলার সর্বস্তরের মানুষের অংশীদারত্বে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে এই শহীদ মিনারের নির্মাণ শুরু হয় ২০১১ সালে। ২০১২ সালের ২১ ফেব্রুয়ারি তা উদ্বোধন করা হয়। ভাষাশহীদদের প্রতি কৃতজ্ঞতা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক দিন ধরে শুরু হয়ে গেছে ধোয়ামোছা আর রংতুলির আঁচড় দেওয়ার কাজ। কাজটি বাস্তবায়ন করছে পৌরসভা।
গতকাল রোববার সকাল ১০টা। শহীদ মিনার এলাকায় গিয়ে চোখে পড়ল পরিষ্কার-পরিচ্ছতায় নিয়োজিত কর্মীদের তোড়জোড়। চলছে ধোয়ামোছার কাজ। শহীদ বেদিতে রংতুলির আঁচড় দিচ্ছিলেন মো. শফি। জানালেন, দুই দিন ধরে এ কাজ করছেন তাঁরা। প্রথমে বেদি থেকে ধুলা-মাটির আস্তরণ ঘষে তুলে পানি দিয়ে ধোয়া হয়েছে। আর এখন রঙের প্রলেপ দেওয়া হচ্ছে। শফি বলেন, ‘সারা বছর রক্ষণাবেক্ষণ না করায় ধুলা জমে গেছে। সেগুলো এখন তুলতে কষ্ট হচ্ছে। রাত-দিন কাজ করছি। ফিনিশিংয়ের কাজ এখন করছি। আজকের (রোববার) মধ্যেই সব কাজ বুঝিয়ে দিতে হবে।’
বেলা তিনটার দিকে দেখা যায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে শহীদ মিনারের পাশের সড়কে চলছে আলপনা আঁকার কাজ। পাশে জুতা-স্যান্ডেল পায়ে শহীদ মিনারের বেদিতে বসে আড্ডা দিচ্ছে তরুণ-তরুণীর দল।
এ ব্যাপারে মুক্তিযুদ্ধের সংগঠক ও ঠাকুরগাঁও পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. আকবর হোসেন বলেন, এই শহীদ মিনার তো শুধু একটি দিবসকে কেন্দ্র করে তৈরি হয়নি। সারা বছর অবহেলায় রেখে শুধু এক দিনের জন্য ধোয়ামোছা করলে শহীদ মিনারের পবিত্রতা রক্ষা হয় না।
এ ব্যাপারে জানতে মেয়র মির্জা ফয়সল আমীনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তিনি তা ধরেননি।
এ ব্যাপারে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল বলেন, ‘শহীদ বেদিগুলোর পবিত্রতা রক্ষায় আমাদের চেতনা সৃষ্টি করতে হবে।’