এক দিনের পিপি!
এক দিনের ব্যবধানে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) পদে দুবার পরিবর্তন হয়েছে।এখানে পিপি ছিলেন মিয়াজান আলী। বুধবার আইন মন্ত্রণালয়ের এক আদেশে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আবদুল মতিনকে নতুন পিপি করা হয়। তবে পরদিনই আবার পুরোনো পিপিকে তাঁর পদ ফিরিয়ে দেওয়া হয়।আদালত সূত্র জানায়, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে মিয়াজান আলী পিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বুধবার মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে বাতিল করে পদটিতে আবদুল মতিনকে নিয়োগ দেওয়া হয়। তিনি জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক। নতুন আদেশ অনুযায়ী গতকাল পিপির দায়িত্ব পালন করেন আবদুল মতিন।এদিকে বাতিল আদেশ পাওয়ার পরপরই মিয়াজান আলী ঢাকায় মন্ত্রণালয়ে ছুটে যান। এরপর গতকাল দুপুরের মধ্যেই মন্ত্রণালয় নতুন পিপি নিয়োগের আদেশ স্থগিত করে। ফলে, তিনি পিপি পদ ফিরে পান।মিয়াজান আলী জানান, তিনি ঢাকায় গিয়ে পদটিতে নিজের পুনর্বহালের আদেশ কার্যকর করান। আকস্মিকভাবে নতুন পিপি নিয়োগের জন্য তিনি মেহেরপুর-১ আসনের সাংসদ জয়নাল আবেদীনকে দায়ী করেন।অতিরিক্ত পিপি আবদুল মতিন বলেন, ‘আমি কখনোই পদটির জন্য উৎসাহী ছিলাম না। সরকারি আদেশে পিপির দায়িত্ব নিই। কয়েক ঘণ্টার ব্যবধানে সরকারের আরেক আদেশে পদটি থেকে সরে দাঁড়াই। সরকারের এ ধরনের সিদ্ধান্ত দুঃখজনক ও মানহানিকর।’সাংসদ জয়নাল আবেদীনের মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।