এক দিনের মাথায় নির্দেশনা স্থগিত করল মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জারি করার এক দিনের মাথায় বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির নির্দেশনাপত্র স্থগিত করল শিক্ষা মন্ত্রণালয়। গত বুধবার জারি করা নির্দেশনাপত্রে ভর্তি পরীক্ষার পরিবর্তে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তির কথা বলা হয়। গতকাল বৃহস্পতিবার তা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নির্দেশনাপত্র স্থগিতের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
গতকাল মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, নির্দেশনাপত্র জারি করা নিয়ে এখন মন্ত্রণালয়ের কর্মকর্তারা একে অন্যকে দোষারোপ করছেন। শীর্ষ কর্মকর্তাদের কেউ বলছেন তিনি জানেন না, কেউ বলছেন তাঁকে না দেখিয়েই ওই চিঠি দেওয়া হয়েছে। তবে একটি সূত্র বলেছে, ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে অনুরোধ জানানোর সিদ্ধান্ত মন্ত্রণালয় আগেই নিয়েছিল। তবে চিঠির ‘ভাষার’ কারণে গোলমাল বেধেছে।
বুধবার এই নির্দেশনাপত্র সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠানো হয়। তাতে বলা হয়, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচলিত ভর্তি পরীক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীদের প্রচুর অর্থ ব্যয় করতে হয় এবং দুর্ভোগের শিকার হতে হয়। এ অবস্থায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হলে শিক্ষার্থীদের সেশন শুরু ত্বরান্বিত হবে এবং অভিভাবকদের হয়রানি লাঘব হবে।
মন্ত্রণালয়ের এই নির্দেশনা নিয়ে গতকাল গণমাধ্যমে খবর বের হলে এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রথম আলোর অনলাইনে এ নিয়ে অসংখ্য পাঠক প্রতিক্রিয়া জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি বড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রথম আলোকে বলেন, ‘এটি করা হলে গ্রামের ছেলেমেয়েরা আর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে না। সব জায়গা দখল করে নেবে শহরের ধনী পরিবারের সন্তানেরা। কারণ, এখন টাকা খরচ করে কোচিং-প্রাইভেট পড়েও অনেকে জিপিএ-৫ পেয়ে যাচ্ছে। বর্তমান প্রক্রিয়ায় অনেক “অযোগ্য” ছাত্রও জিপিএ-৫ পেয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে, অনেক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাস নম্বরই পায় না। তাই মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করলে শিক্ষার ক্ষতি হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে প্রকৃত মেধাবীরা আসতে পারবে না।’
এ বিষয়ে গতকাল যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, তাঁরা এখনো নির্দেশনাপত্রটি পাননি। তাই কোনো মন্তব্য করবেন না।
জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ প্রথম আলোকে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ই তাদের মতো করে একটি ভর্তি পরীক্ষা নিয়ে থাকে। তাই এত বড় একটি সিদ্ধান্ত নেওয়ার আগে আরও চিন্তাভাবনা করার প্রয়োজন আছে।