এক দিনের রাষ্ট্রদূত তালবিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত আনা ফুগল এসকয়ারের (বাঁয়ে) সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তালবিয়া তানভির (ডানে) l ছবি: ডেনিশ দূতাবাসের সৌজন্যে
ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত আনা ফুগল এসকয়ারের (বাঁয়ে) সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তালবিয়া তানভির (ডানে) l ছবি: ডেনিশ দূতাবাসের সৌজন্যে


নারীর ক্ষমতায়ন ও মেধাবী তরুণদের প্রণোদনার জন্য বাংলাদেশি তরুণীকে আজ সোমবার এক দিনের জন্য ছায়া রাষ্ট্রদূত করে ডেনমার্ক দূতাবাস। আজ সোমবার ডেনমার্ক দূতাবাসে প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় ডেনমার্কের রাষ্ট্রদূত আনা ফুগল এসকয়ার এ কথা বলেন।

আনা ফুগল বলেন, এ মাসে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, নেদারল্যান্ডস ও নরওয়ে—এ চারটি দেশ ছায়া রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশের তরুণদের এ সুযোগটি দেবে।
ডেনমার্ক দূতাবাসের ফেসবুক পেজের মাধ্যমে গত মাসে ছায়া রাষ্ট্রদূতের জন্য বাংলাদেশের তরুণীদের কাছে আবেদনপত্র চাওয়া হয়েছিল। প্রায় ২০০ তরুণীর মধ্যে নির্বাচিত হয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ছাত্রী তালবিয়া তানভির। আজ সারা দিন তিনি ডেনমার্ক দূতাবাসে ছায়া রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। ডেনমার্ক দূতাবাসে রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে মতবিনিময়, সুইডেন, নরওয়েসহ কয়েকজন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক, কূটনীতিকদের একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া এবং একটি কর্মশালায় অংশ নেওয়ার মধ্য দিয়ে কেটেছে তাঁর সারা দিন।
জানতে চাইলে তালবিয়া বলেন, ‘আজকের দিনের অভিজ্ঞতা আমার পেশাগত জীবনের লক্ষ্য অর্জনে খুব সহায়ক হবে। তবে কূটনীতিকের মতো একটি চ্যালেঞ্জিং পেশা বেছে নেওয়ার সম্ভাবনাটা উড়িয়ে দিচ্ছি না।’ তিনি বলেন, অন্য অনেকের মতো দেশের প্রতিনিধিত্ব করতে চান তিনি। তবে ভবিষ্যতে পেশা হিসেবে কী বেছে নেবেন-সেটা তিনি এখনো ঠিক করেননি।
তালবিয়া বলেন, আশপাশের লোকজন কী মনে করল, সেটা জরুরি নয়। সব নারীর নিজেদের পছন্দের পেশা বেছে নেওয়ার সুযোগ আছে। আর নিজেদের কাজের ক্ষেত্র ঠিক করে নারীর সামাজিক ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা উচিত।
তালবিয়া বলেন, এ দেশে নারী নেতৃত্ব থাকলেও সমাজ ও জীবনের নানা ক্ষেত্রে নারীরা সমস্যার মুখোমুখি হচ্ছেন।
নিজের বন্ধু-স্বজন আর সবার কাছে কী বার্তা দিতে চান—জানতে চাইলে তালবিয়া বলেন, কোনো নারীরই ভয়ের কোনো কারণ নেই। সবারই নিজেদের পছন্দ অনুযায়ী পেশা বেছে নেওয়ার সুযোগ আছে। কে কী মনে করল, তাতে কিছু যায়-আসে না।
ডেনমার্কের রাষ্ট্রদূত আনা ফুগল এসকয়ার জানালেন, আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে এক দিনের জন্য বাংলাদেশের একজন শক্তিশালী তরুণীর জন্য এই সুযোগটি করে দেওয়া হয়েছে। সব দেশেই নানা পেশায় আদর্শ হিসেবে একজনকে দেখতে চায়। তাই রোল মডেলের বিষয়টি গুরুত্বপূর্ণ। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের নানা প্রান্তে নিজেদের সামর্থ্য নিয়ে নারীদের মাঝে সংশয় দেখা গেছে। ব্যবসা, রাজনীতিসহ অনেক ক্ষেত্রে বাংলাদেশের তরুণীরা এগিয়ে গেলেও তাদের সংশয় দূর হয়নি। তবে এখানকার তরুণ ও তরুণীদের যথেষ্ট সামর্থ্য আছে। তাই তাদের প্রণোদনা দেওয়া জরুরি।