এক দিনের রিমান্ডে জয়দেবপুর থানায় এম এ মান্নান
গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান এম এ মান্নানকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জয়দেবপুর থানায় নেওয়া হয়েছে।
চাঁদাবাজি ও মারধরের মামলায় গত রোববার গাজীপুরের বিচারিক হাকিম আদালতের বিচারক মো. আবদুল হাই মান্নানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী কাল সন্ধ্যা সাতটার দিকে তাঁকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জয়দেবপুর থানায় নেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গীর রমিজ উদ্দিন গত ২৪ নভেম্বর জয়দেবপুর থানায় এম এ মান্নানসহ সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও দুই-তিনজনের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা করেন।
মান্নানের আইনজীবী মো. শহীদুজ্জামান জানান, যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা মামলায় গত বছরের ১১ ফেব্রুয়ারি মান্নান গ্রেপ্তার হন। হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর তিনি এ বছরের ২ মার্চ কারামুক্ত হন এবং এপ্রিল মাসে মেয়র পদ ফিরে পান। ১৫ এপ্রিল মান্নানকে আবার নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আবার বরখাস্ত করা হয়। গত ১৫ এপ্রিল থেকে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। এম এ মান্নানের বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে।