এক দিনের ‘শুভেচ্ছা-স্বাগতম’ সাত দিন পরও শোভা পাচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জয় আমি তোমার শমশের আংকেল বলছি, জাতি তোমার নেতৃত্বের অপেক্ষায়...!’ বিরাট আকারের বিলবোর্ডে এ কথাগুলো লেখা।গত ২৪ মার্চ প্রধানমন্ত্রীকে ‘শুভেচ্ছা-স্বাগতম’ জানানোর পাশাপাশি বড় বড় ছবি-সংবলিত এ কথার বিলবোর্ডটি সিলেট নগরের কেন্দ্রস্থল কোর্ট পয়েন্টে শোভা পাচ্ছে। শুধু এ বিলবোর্ডটিই নয়, বিভিন্ন নেতার ছবির সঙ্গে স্থানীয় নেতাদের ছবি-সংবলিত ছোট-বড় অসংখ্য বিলবোর্ড-ফেস্টুন এক দিনের জন্য সাঁটানো হলেও শোভা পাচ্ছে প্রায় সাত দিন ধরে। প্রধানমন্ত্রীর সিলেট সফরসূচির কর্মসূচিতে নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা ছিল।জনসভা মাঠের পাশে ভিআইপি সড়কের আশপাশে ২৪ মার্চের আগে থেকে অনেকটা হিড়িকের মতো তোরণ-বিলবোর্ড-পোস্টারের প্রচারণা শুরু হয়। স্থানীয় সাংসদ থেকে শুরু করে কেন্দ্রীয়, স্থানীয় ও পেশাজীবী সংগঠনের নেতাদের আত্মপ্রচারমূলক তোরণ, বিলবোর্ডসহ অসংখ্য ফেস্টুন-ব্যানারে পুরো এলাকা সয়লাব হয়ে পড়েছিল। নগরের চৌহাট্টা থেকে রিকাবিবাজার পর্যন্ত প্রায় আধা কিলোমিটার ভিআইপি সড়কে ছিল ১০ থেকে ১৫ ফুট অন্তর সারি সারি তোরণ। দলীয় প্রধানের ছবির চেয়ে নেতাদের ছবি বড় আকৃতির করে এসব প্রচারণা জনসভাকে ঘিরে হলেও কোনোটিতেই জনসভা সফল করার কথা উল্লেখ ছিল না। এ কারণেই জনসভা শেষ হলেও অনেক তোরণ-বিলবোর্ড এখনো শোভা পাচ্ছে।কোর্ট পয়েন্টের ‘শমশের আংকেল’ ছাড়াও পাশাপাশি রয়েছে জেলা ও মহানগর আ.লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের ছবি-সংবলিত ফেস্টুন-ব্যানার। সড়ক-নির্দেশক এবং পশ্চিমে জেলা কালেক্টরেট ভবনের সীমানাপ্রাচীর ঘিরে মাত্র ১০০ গজ এলাকায় দেখা গেছে শতাধিক বিলবোর্ড-ফেস্টুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ মার্চ সার্কিট হাউস থেকে তালতলা হয়ে জনসভা স্থলে গিয়েছিলেন। ওই দিন প্রধানমন্ত্রী যেসব এলাকা দিয়ে গিয়েছিলেন, সেসব সড়কপথের গুরুত্বপূর্ণ মোহনাগুলোতে এখনো ঝুলতে দেখা গেছে বিলবোর্ড-ফেস্টুন-ব্যানার। সুবিদবাজার ও ভিআইপি সড়কে নির্মিত তোরণগুলোর কোনোটি যেন স্থায়ী রূপ পেয়েছে।এর মধ্যে সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের ‘সুচি-শুভ্র-পুষ্পিত অভিনন্দন’ ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর ছবি-সংবলিত ব্যানার সওজের পথনির্দেশক সাইন তোরণকে ঢেকে ফেলেছে। যোগাযোগ করলে প্রধানমন্ত্রীকে সুচি-শুভ্র-পুষ্পিত অভিনন্দনদাতা সাংসদ রতন জানান, এগুলো তিনি জানেন না। ভক্তরাই তাঁর নামে সাঁটিয়েছে!একই মত ব্যক্ত করেন সাংসদ শফিকুর রহমান চৌধুরীও। তবে তিনি এগুলো অপসারণের পক্ষে মত প্রকাশ করেন। কোর্ট পয়েন্টে সাঁটানো কোনো কোনো বিলবোর্ড ও ফেস্টুনের লেখা দলের জন্য বিব্রতকর জানিয়ে নগর আওয়ামী লীগের একজন মধ্যম সারির নেতা প্রথম আলোকে বলেন, ‘সিলেটে প্রধানমন্ত্রীর জনসভার আগে সিলেট সিটি করপোরেশন নগরে যত্রতত্র অবৈধ বিলবোর্ড অপসারণে অভিযানে নেমেছিল। ওই অভিযানের পরপরই ফাঁক পেয়ে এসব আত্মপ্রচারমূলক বিলবোর্ড শোভা পায়। এখন যেহেতু উপলক্ষ শেষ হয়েছে, তাই এগুলো অপসারণ করতে সিটি করপোরেশনের বাধা কোথায়?’ সিলেট সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সব ধরনের অবৈধ বিলবোর্ড-ফেস্টুন নিজ থেকে সরিয়ে নিতে সিটি করপোরেশন থেকে কিছু সময় দেওয়া হয়েছিল। এ অনুযায়ী ৪ এপ্রিল সময়সীমা শেষ হবে। নিজ থেকে না সরালে সিটি করপোরেশন অভিযানে নামবে।’