এক দুঃসাহসী অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরী আত্মীয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ খবর পেয়ে অস্থির হয়ে ওঠেন বাগেরহাট জেলার বাসিন্দা তাওহীদা আক্তার। আত্মীয় নিখোঁজ হওয়ার সঙ্গে দূরসম্পর্কের অন্য এক আত্মীয় জড়িত—এমন তথ্যও পান তিনি। নানা সূত্র ধরে একসময় জানতে পারেন, চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে আত্মীয়কে। পেশায় পুলিশ কনস্টেবল তাওহীদা নিজেই আত্মীয়কে খুঁজে বের করার সিদ্ধান্ত নেন। ১৫ দিনের ছুটি নিয়ে তিনি চলে আসেন চট্টগ্রামে।

চট্টগ্রামে এসে কখনো ভিক্ষুক, কখনো অসহায় নারী সেজে নগরের অলিগলি, বস্তি চষে বেড়ান। তাঁর কৌশলে শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয় আত্মীয়কে। গতকাল রোববার ভোরে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার ট্যানারি বটতল এলাকার একটি ভাড়া বাসা থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় আত্মীয়কে উদ্ধার করেন তিনি। ওই কিশোরীকে চট্টগ্রামে নিয়ে আসা আত্মীয় বাবুল ফরাজীও এ সময় ধরা পড়েন। পেশায় কাঠমিস্ত্রি বাবুল ফরাজীর স্ত্রী-সন্তান রয়েছে।

তাওহীদা খুলনা জেলা পুলিশ লাইনসে কনস্টেবল হিসেবে কর্মরত। ১ মে ছুটি নিয়ে তিনি চট্টগ্রামে আসেন। অভিযানের সাত দিনের মাথায় তিনি আত্মীয়কে উদ্ধার করেন। তাঁর এই দুঃসাহসী অভিযানের কাহিনি জানার আগে ভাগনির নিখোঁজ হওয়ার ঘটনাটি জেনে নেওয়া যাক। বাল্যবিবাহের শিকার হওয়া থেকে বাঁচতে ঘর ছাড়ে আত্মীয়। কিন্তু বিপদ তার পিছু ছাড়েনি।

তাওহীদার ভাষ্য, তাঁর বড় বোন ঢাকায় গৃহকর্মীর কাজ করেন। ঢাকায় রেখে তাঁকে লেখাপড়া করানোর সামর্থ্য নেই বোনের। সে কারণে গ্রামে অসুস্থ বাবার সঙ্গে থাকত আত্মীয়। এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার পর তার বিয়ের জন্য সবাই তোড়জোড় শুরু করে দেন। কিন্তু সে এখনই বিয়ে করতে রাজি ছিল না। বিয়ে থেকে বাঁচতে দূরসম্পর্কের আত্মীয় বাবুল ফরাজীর (৪৫) সঙ্গে যোগাযোগ করে সে। গত ২২ মার্চ তাঁর সঙ্গে বাড়ি থেকে চট্টগ্রামে চলে আসে সে। এরপর ফরাজী আটকে ফেলেন তাঁর আত্মীয়কে। এক মাস ধরে নানা জায়গায় খোঁজাখুঁজি করে মেয়েকে না পেয়ে গত ২২ এপ্রিল বাগেরহাট সদর থানায় মামলা করেন তাঁর বোন। বোনের কান্না দেখে তিনি নিজেই তাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেন।

চট্টগ্রামে আসার পর তাওহীদা জানতে পারেন, নগরের পাহাড়তলী হাজি ক্যাম্প এলাকায় বাবুল ফরাজী তাঁর আত্মীয়কে নিয়ে একটি বাসায় আছেন। ওই এলাকার বিভিন্ন দোকানে ও লোকজনের কাছে তিনি নিজেকে স্বামী পরিত্যক্তা পরিচয় দেন। তাঁর সঙ্গে ছিল বাবুল ফরাজী ও আত্মীয়র ছবি। সকাল থেকে সন্ধ্যা পুরো এলাকায় ঘুরে ঘুরে লোকজনকে দুজনের ছবি দেখাতেন। এতে লাভ হয়নি। এরপর নগরের ষোলোশহর, ২ নম্বর গেট, মুরাদপুর, জিইসি মোড়, অক্সিজেন মোড় ও ইপিজেড এলাকা চষে বেড়ান তিনি। বিভিন্ন পোশাক কারখানায়ও খোঁজ নিতে বাদ রাখেননি। এভাবে তাঁর পাঁচ দিন কেটে যায়।

তাওহীদা বলেন, পারিবারিক একটি সূত্রে জানতে পারেন, বাবুল ফরাজীর এক বোন বায়েজিদ বোস্তামী এলাকার ট্যানারি বটতলে থাকেন। ৬ মে ট্যানারি বটতলা এলাকায় ভিক্ষুকের ছদ্মবেশে ঘুরতে থাকেন তিনি। এলাকার একটি সেলুনে বাবুল ফরাজীর ছবি দেখিয়ে নিশ্চিত হন—ওই এলাকাতেই তাঁরা আছেন। খুঁজে খুঁজে বাবুলের বোনের বাসাও চিনে নেন। এরপর বায়েজিদ বোস্তামী থানায় গিয়ে বিষয়টি জানান।

বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিন বলেন, ৭ মে ভোরে একটি বাসা থেকে কিশোরীকে উদ্ধার করেন তাঁরা। গ্রেপ্তার করা হয় বাবুল ফরাজীকে। পরে বাগেরহাট থানার পুলিশ এসে তাঁদের নিয়ে যায়।

আজ সোমবার বিকেলে তাওহীদা প্রথম আলোকে বলেন, নিজের আত্মীয় বলে নয়, কিশোরী সন্তানকে মায়ের বুকে ফিরিয়ে দিতে পেরেই তাঁর আনন্দ হচ্ছে। তিনি বলেন, ছুটি নিয়ে ১ মে চট্টগ্রামে আসার পর প্রথমে পুলিশের সহকারী এক কমিশনারের (ফোর্স) সঙ্গে দেখা করে সহযোগিতা চান তিনি।

তাওহীদার দুঃসাহসী এই অভিযানকে সাধুবাদ জানিয়ে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. আবদুল ওয়ারীশ সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, প্রতারকের হাত থেকে কিশোরীকে রক্ষা করতে খুলনা থেকে চট্টগ্রাম ছুটে আসা, আবার ছয় থেকে সাত দিন ভিক্ষুক, স্বামী পরিত্যক্তার ছদ্মবেশে অলিগলি বস্তিতে ঘোরা রীতিমতো দুঃসাহসিক কাজ। জীবনের ঝুঁকি নিয়ে তাওহীদা বুদ্ধি ও সাহসের সঙ্গে এই কাজ করেছেন। অনেকের জন্য তিনি অনুপ্রেরণা হয়ে থাকবেন।