এক দুই তিন শুভ জন্মদিন

পিলখানার ফারহাত মৃত্তিকা ব্যাপক টেনশনে আছে দুদিন হলো। অসংখ্যবার কাগজে আঁকাআঁকি করেও সে তার মনের মতো কেকের নকশাটা করে উঠতে পারছে না। এমনিতে সে প্রায়ই কেক বানায় কিন্তু এবার কিশোর আলোর জন্মদিন বলে কথা। কেকটাও তাই হওয়া চাই স্পেশাল। অনেক খেটেখুটে অবশেষে বৃহস্পতিবার রাতে সে কেকের নকশার একটা ব্লুপ্রিন্ট প্রকাশ করেছে ফেসবুকে। বাটার ক্রিম ফ্রস্টিংয়ের ওপর সবুজ পৃথিবীর চকলেট মানচিত্র। তার ঠিক পাশেই লেখা কিশোর আলো। মতামতে ভরে যাচ্ছে তার সেই কেকের ছবি। শেষ খবর পাওয়া পর্যন্ত তার কেক ওভেনে আছে। অন্যদিকে নিকুঞ্জের আবরার জানিয়েছে, সে একটা নতুন জামা কিনেছে কিশোর আলোর জন্মদিন উপলক্ষে। এ রকম অসংখ্য কিশোর পাঠকের আনন্দ উত্সবে উদ্যাপিত হচ্ছে আজ কিশোর আলোর জন্মদিন।
জনপ্রিয় এই মাসিক কিশোর পত্রিকাটির যাত্রা শুরু হয়েছিল আজ থেকে তিন বছর আগে, ২০১৩ সালের অক্টোবরে। প্রকাশের পর থেকেই দেশের শিশু-কিশোরদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে পত্রিকাটি। কিশোর পাঠকদের মননশীল করে তুলতে শুরু থেকেই পত্রিকাটিতে প্রকাশিত হচ্ছে দেশের নামকরা সাহিত্যিকদের গল্প, উপন্যাস, ছড়া, কবিতা, কমিকস, বিদেশি লেখকদের অনুবাদ সাহিত্য, দেশ-বিদেশের খবর জানাতে নানা বিষয়ে ফিচার, বিজ্ঞানের আবিষ্কারের খবর, গণিতের মজার খেলা, প্রযুক্তি দুনিয়ার হালচাল, অরিগ্যামি, কুইজসহ নানা কিছু।
পত্রিকা প্রকাশের পাশাপাশি কিশোর আলোর বইয়ের পাঠকদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গড়ে তুলেছে ‘বুক ক্লাব’। প্রতি মাসে দেশের নানা স্থানে অনুষ্ঠিত হয় এই ক্লাবের সভা। সেখানে ক্লাবের প্রত্যেক সদস্য বাড়ি থেকে আনা নিজের প্রিয় একটি বই অন্য সদস্যদের সঙ্গে আদান-প্রদান করে। নিজেদের পড়া সেরা বই নিয়ে আলোচনা করে এবং কিশোর আলোয় সেসব আলোচনার খবর লিখে পাঠায়।
কম্পিউটার যোগাযোগের এই দুনিয়ায় কিশোর পাঠকদের এগিয়ে রাখতে কিশোর আলো গঠন করেছে ‘প্রোগ্রামিং ক্লাব’। প্রতি মাসে কিশোর আলোর কার্যালয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রোগ্রামিং বিশেষজ্ঞরা এসে ক্লাবের সদস্যদের শেখান প্রোগ্রামিংয়ের খুঁটিনাটি।
এ ছাড়া প্রকাশের শুরু থেকেই কিশোর আলো প্রতি মাসের দ্বিতীয় বা তৃতীয় শনিবার তাদের কার্যালয়ে আয়োজন করে একটি কিআড্ডার। সে আড্ডায় এসে যোগ দেন দেশের বিভিন্ন পর্যায়ের অনুসরণীয় ব্যক্তিরা। তাঁরা তাঁদের অভিজ্ঞতা আর জীবনের গল্প বলেন কিশোর পাঠকদের। কিশোর পাঠকরাও তাদের প্রিয় পত্রিকা নিয়ে মতামত জানায়। এরপর গান-আড্ডা আর নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এই আড্ডা।
শুরু থেকেই পত্রিকাটির সম্পাদক হিসেবে আছেন সাহিত্যিক, সাংবাদিক আনিসুল হক।
পত্রিকাটির জন্মদিন উপলক্ষে আজ কিশোর আলোর স্বেচ্ছাসেবকদের আয়োজনে এর কারওয়ান বাজারের কার্যালয়ে বেলা তিনটায় হবে জন্মদিনের উত্সব। কাটা হবে কেক। গাওয়া হবে গান। এ অনুষ্ঠানে শুধু কিশোর আলোর স্বেচ্ছাসেবকেরা অংশ নেবে।
এ ছাড়া ৭ অক্টোবর শুক্রবার রাজধানীর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে দিনব্যাপী আনন্দ অনুষ্ঠান ‘কিআনন্দ’। সে অনুষ্ঠানে থাকবে কমিকস, ক্যারিকেটার, টয় রেসিং, গেমিং কর্নার, কসপ্লে, বিজ্ঞানের মজার খেলা, বুদ্ধির খেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জাদু, সাইকেল স্টান্ট, নাচ-গান, সেলিব্রেটিদের সঙ্গে আড্ডা, কনসার্টসহ নানা কিছু। কিশোর আলোর পাঠকেরা সেখানে প্রদর্শন করতে পারবে তাদের শখের সংগ্রহ, নিজেদের বানানো খাবার, পোষা প্রাণী। এ বিষয়ে বিস্তারিত ঘোষণা শিগগিরই প্রকাশিত হবে প্রথম আলোতে।
কিশোর আলোর এই আনন্দযজ্ঞে সবাইকে নিমন্ত্রণ। এখনই প্রস্তুতি নাও।