প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগমের ওপর হামলার ঘটনায় এক-দুই সপ্তাহের মধ্যে অভিযোগপত্র দিতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। ছাত্রলীগ নেতার হামলার শিকার হয়ে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন খাদিজাকে দেখতে তিনি আজ বুধবার রাজধানীর স্কয়ার হাসপাতালে যান।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অাজ বেলা ১১টার দিকে খাদিজাকে দেখতে হাসপাতালে যান। বেলা সাড়ে ১১টার দিকে বের হয়ে যাওয়ার পথে তিনি সাংবাদিকদের বলেন, এ ঘটনায় দ্রুত অভিযোগপত্র দেওয়া হোক। বিচারটাও যেন দ্রুততম সময়ের মধ্যে হয়।
কাজী রিয়াজুল হক এক থেকে দুই সপ্তাহের মধ্যে এ মামলার অভিযোগপত্র দেওয়ার জন্য পুলিশের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিচার না হওয়াটা আরও বড় ধরনের ঘটনা ঘটানোর উৎসাহ দেয়। তাই এ মামলা নিয়ে বিলম্ব করার কোনো সুযোগ নেই। সবদিক বিবেচনা করে অভিযোগপত্র দেওয়া হোক, যেন আসামির সর্বোচ্চ শাস্তি হয়। আসামি যেন আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যেতে না পারে। দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্নের দাবিও জানান তিনি। যুক্তি হিসেবে বলেন, এখানে তথ্য-প্রমাণ-সাক্ষ্য সবকিছু আছে।
খাদিজা সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের ছাত্রী। গত সোমবার পরীক্ষা দিতে সিলেটের এমসি কলেজে গিয়েছিলেন তিনি। পরীক্ষা শেষে ফেরার সময় এমসি কলেজের পুকুরপাড়ে খাদিজাকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করেন ছাত্রলীগের নেতা বদরুল আলম (২৬)। বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক। দীর্ঘদিন ধরেই তিনি খাদিজাকে উত্ত্যক্ত করছিলেন। ঘটনাস্থলে উপস্থিত কেউ কেউ খাদিজাকে কোপানোর দৃশ্য মুঠোফোনে ধারণ করেন। সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার নৃশংসতায় শিউরে উঠে নিজেদের মতামত প্রকাশ করছে হাজারো মানুষ।
এদিকে চিকিৎসাধীন খাদিজা বেগমের অবস্থার কোনো উন্নতি হয়নি। তাঁর শারীরিক পরিস্থিতি আগের মতোই গুরুতর অবস্থায় আছে বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক রেজাউস সাত্তার।
গণপিটুনির শিকার হয়ে আহত বদরুল পুলিশ পাহারায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রথম আলোর কাছে হামলার কথা স্বীকার করেন তিনি।
হামলার ঘটনায় খাদিজার চাচা আবদুল কুদ্দুস গতকাল হত্যাচেষ্টার অভিযোগে বদরুলের বিরুদ্ধে সিলেটের শাহপরান থানায় মামলা করেন। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি বলেন, এ মামলায় বদরুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হামলার কারণ জানতে তদন্ত চলছে। হামলায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের স্কুলছাত্রী কণিকা ঘোষ, ঢাকার সুরাইয়া আক্তার রিসা ও মাদারীপুরের নিতু মণ্ডলের পর খাদিজার ওপর বখাটে ও উত্ত্যক্তকারীর একই ধরনের হামলার ঘটনায় উৎকণ্ঠা বেড়েছে সারা দেশে। বিশিষ্টজনেরা বলছেন, অপরাধীদের বিচার না হওয়ার কারণেই এমন ঘটনা বাড়ছে।