সহজে ব্যবসা করা সূচকে বাংলাদেশ এক ধাপ পিছিয়েছে। ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৭তম। তবে বাংলাদেশের প্রাপ্ত নম্বর বা স্কোর আগের চেয়ে বেড়েছে।
গতকাল মঙ্গলবার বিশ্বব্যাংকের ইজি অব ডুয়িং বিজনেস-২০১৮ বা সহজে ব্যবসা করার সূচক-২০১৮ প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশে ব্যবসার পরিবেশের এই চিত্র পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে সারা বিশ্বে একযোগে প্রকাশিত এই প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে।
প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা-বাণিজ্য করার আনুষঙ্গিক পরিবেশের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। ব্যবসার পরিবেশকে ১০টি বৃহত্তর নির্দেশিকা বা বিষয়ে বিন্যস্ত করে সেগুলোর অবস্থা বিশ্লেষণ করা হয়েছে। তারপর তা সূচকে রূপান্তর করা হয়েছে। ব্যবসার পরিবেশ সহজ করার জন্য গত ৩১ মের আগে যেসব সংস্কার করা হয়েছে, তা এবারের প্রতিবেদনে উঠে এসেছে।
১০টি মূল সূচক হলো ব্যবসায় শুরু, অবকাঠামো নির্মাণের অনুমতি, বিদ্যুৎ প্রাপ্যতা, সম্পত্তি নিবন্ধন, ঋণের প্রাপ্যতা, ছোট বিনিয়োগের সুরক্ষা, কর পরিশোধ, বৈদেশিক বাণিজ্য, চুক্তির বাস্তবায়ন ও অসচ্ছলতা দূরীকরণ।
প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে চাইলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আবুল কাসেম খান বলেন, ‘এ বছর বাংলাদেশের অবস্থান নিয়ে আমি হতাশার কিছু দেখছি না। সরকার যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে, তা বাস্তবায়িত হলে বাংলাদেশের অবস্থান অনেক উন্নত হবে। এ নিয়ে সরকারের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি।’ তিনি বলেন, সরকার যে উদ্যোগ নিয়েছে, তা কার্যকর রাখতে হবে। এক দরজায় সব সেবা বা ওয়ান স্টপ সার্ভিস চালু হলে বাংলাদেশে ব্যবসা করা অনেক সহজ হবে।’
র্যাঙ্কিংয়ে পেছালেও আগের তুলনায় বাংলাদেশে ব্যবসার পরিবেশের কিছুটা অগ্রগতি হয়েছে। ১০টি সূচকে বাংলাদেশের মোট স্কোর ৪০ দশমিক ৯৯। গতবার পেয়েছিল ৪০ দশমিক ৮৪।
বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, এই ১০টি সূচকের মধ্যে ৫টিতে অবস্থানের অবনতি হয়েছে। ব্যবসার শুরুতে ৯ ধাপ, ঋণের প্রাপ্যতায় ২ ধাপ, ছোট বিনিয়োগের সুরক্ষা ৬ ধাপ, কর পরিশোধ ও অসচ্ছলতা দূর করার সূচকে ১ ধাপ করে পিছিয়ে বাংলাদেশ। সবচেয়ে ভালো করেছে অবকাঠামো নির্মাণের অনুমতি সূচকে। এই সূচকে ৮ ধাপ উন্নতি হয়ে ১৩০তম স্থানে আছে। ছোট বিনিয়োগের সুরক্ষা বাংলাদেশে ভালো। ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৬তম।
এ বছরের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে চুক্তির বাস্তবায়ন, বিদ্যুতের সংযোগ পাওয়া, জমির নিবন্ধন—এই তিনটি সূচকে খারাপ অবস্থা। ১৯০টি দেশের মধ্যে চুক্তি বাস্তবায়ন করার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ১৮৯তম। এ ছাড়া বিদ্যুৎ সংযোগ ও জমির নিবন্ধনে ১৮৫তম স্থানে বাংলাদেশ।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। অষ্টম স্থানে রয়েছে আফগানিস্তান, দেশটির বিশ্ব র্যাঙ্কিং ১৮৩তম। তবে দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানে ভুটান। দেশটির অবস্থান ৭৫তম। অন্যদিকে বৃহৎ অর্থনীতির দেশ ভারত ১০০তম স্থানে। এ ছাড়া শ্রীলঙ্কা ১১১তম, নেপাল ১০৫তম, মালদ্বীপ ১৩৬ ও পাকিস্তান ১৪৭তম।
সারা বিশ্বে ব্যবসা করার জন্য সবচেয়ে ভালো দেশ হলো নিউজিল্যান্ড। দেশটি এবার শীর্ষস্থানে আছে। এরপর আছে সিঙ্গাপুর। তৃতীয় স্থানে আছে ডেনমার্ক।
এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, সার্বিকভাবে এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অনেক পেছনে আছে। এতে উন্নতির অনেক সুযোগও আছে, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার বাংলাদেশ করতে পেরেছে বলে মনে হয় না। ২০২১-এর মধ্যে এই সূচকে ১০০-এর মধ্যে আসতে হলে আগামী তিন-চার বছরে ৭৭ ধাপ এগোতে হবে। এই সূচকে ভালো করার পরিকল্পনা আছে, কিন্তু সেটার বাস্তবায়ন দ্রুত করতে হবে। যেসব সূচকে বাংলাদেশ সবচেয়ে বেশি পিছিয়ে আছে, সেদিকে নজর দিতে হবে।
ডুয়িং বিজনেসে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ১০০টি দেশের মধ্যে উঠিয়ে আনার লক্ষ্য ঠিক করেছে সরকার। এ ক্ষেত্রে উন্নতির জন্য গত বছর থেকে কাজ শুরু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। গত ২ অক্টোবর বিডার চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, বাংলাদেশ যেসব উদ্যোগ নিয়েছে, তার সুফল আগামী বছর মিলবে। ফলে আগামী বছর ডুয়িং বিজনেস সূচকে উন্নতি হবে বাংলাদেশের। এ বছর সুফল মিলবে না।