এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহবধূর মৃত্যু

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন চার ছেলের মা হাসি বেগম (৪৫)। তিনি আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজরা গ্রামের মো. বজলু মিয়ার স্ত্রী। গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সাফায়েত হোসেন বলেন, ওই গৃহবধূর বাড়ির টিনের বেড়া আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। সকালে কাজ করার একপর্যায়ে টিনের বেড়ার সঙ্গে শরীরের স্পর্শ লাগলে হাসি বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। l ফরিদপুর অফিস

সাতজন আহত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাইককান্দিতে গাছ লাগানোকে কেন্দ্র করে গতকাল শুক্রবার দুই পাড়ার বিরোধে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ সাতজন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের পাঁচটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে লীলা বেগমকে (৩০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুল ইসলাম শেখ জানান, ওসিসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। l রাজবাড়ী প্রতিনিধি

স্বর্ণালংকার উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলা শহরের কলেজপাড়ার চিকিৎসক শাহ ফয়েজ আলম ও সাইফুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে তারিকুল শেখ (২২) নামের এক ব্যক্তিকে সম্প্রতি গ্রেপ্তার করে পুলিশ। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, গ্রেপ্তারের পর তারিকুলকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। তাঁর স্বীকারোক্তি মোতাবেক ফরিদপুরের কানাইপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী সরোজিৎ দত্তের বাড়ি থেকে শাহ ফয়েজ আলমের লুট হওয়া ১২ ভরি স্বর্ণালংকার গত বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সরোজিৎকেও গ্রেপ্তার করা হয়েছে। l লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ থেকে ঢাকার পথে বিশেষ ট্রেন চালুর দাবিতে সিরাজগঞ্জ বাজার রেলস্টেশন চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা বাসদ। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন নবকুমার কর্মকার, আবদুল্লাহ আল মামুন, মসলেম উদ্দিন, নাসিম খান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ঢাকায় সিরাজগঞ্জের প্রায় দুই লাখ মানুষ বিভিন্ন পেশায় কর্মরত আছেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ পালনের জন্য তাঁরা সিরাজগঞ্জে আসতে চান। কিন্তু প্রচণ্ড ভিড় ও নিরাপদ যানবাহনের কারণে অনেকে যথাসময়ে আসতে পারেন না। l নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

কষ্টিপাথরের মূর্তি

বিদেশে পাচারের চেষ্টার সময় বিজিবির সদস্যরা রাজশাহীর বাগমারা থেকে কষ্টিপাথরের মূর্তিসহ তিন পাচারকারীকে আটক করেছেন। আটক ব্যক্তিরা হলেন উপজেলার ইসমাইলপুর গ্রামের বুলবুল হোসেন, ইসরাইল হোসেন ও নওগাঁর আত্রাইয়ের মহাদিঘি গ্রামের রেজাউল করিম। গতকাল শুক্রবার দুপুরে ৩৭ বিজিবির একটি দল ইসমাইলপুর গ্রামের বুলবুলের বাড়িতে অভিযান চালিয়ে ১৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে। পরে বুলবুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি মূর্তি বিদেশে পাচারের চেষ্টার কথা স্বীকার করেন ও তাঁর অপর দুই সহযোগীর নাম বলেন। পরে বিজিবি অপর দুজনকে আটক করে। l বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

ভিজিডির চাল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন থেকে গতকাল শুক্রবার দুপুরে ভিজিডির ২২ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) চাল জব্দ করেছেন ইউএনও আবু হায়াত মোহাম্মদ রহমতুল্ল্যাহ। শ্রীরামপুর ইউনিয়নে ২৬৯ জন ভিজিডি কার্ডধারী সুবিধাভোগীর মাঝে গত বৃহস্পতিবার চাল বিতরণ করা হয়। সুবিধাভোগী প্রত্যেক দুস্থ নারীকে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ২৪ কেজি ৪০০ গ্রাম করে দেওয়া হয়। স্থানীয় লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও ইউপির গুদামে রক্ষিত অবশিষ্ট ২২ বস্তা চাল জব্দ ও গুদাম সিলগালা করেন। l পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকা থেকে গত বৃহস্পতিবার ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রের বর্ণনা অনুযায়ী, উপজেলার হিজলহাটি এলাকার চাকরিজীবী সিদ্দিক মিয়া রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে রাঙ্গামাটি সেতুর কাছে শহীদ (২৪) ও সেলিম হোসেন (২২) নামের দুই ছিনতাইকারীর কবলে পড়েন। সিদ্দিক মিয়ার কাছে থাকা সাত হাজার টাকা ও একটি মুঠোফোনের সেট ছিনিয়ে নিয়ে পালানোর সময় এলাকাবাসী ওই দুজনকে ধরে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে সিদ্দিক আলী বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেছেন। l গাজীপুর প্রতিনিধি

প্রতারক আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ৪৪ হাজার টাকার জাল নোটসহ মামুন মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে গত বৃহস্পতিবার রাতে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১১-এর উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দিঘীবরাব এলাকায় অভিযান চালিয়ে মামুন মিয়াকে আটক করা হয়। গতকাল শুক্রবার সকালে তাঁকে রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। মামুন মিয়া পটুয়াখালী জেলার দশমিনা থানার টানপুড়া এলাকার ইউনুছ মাতব্বরের ছেলে। l নারায়ণগঞ্জ প্রতিনিধি