এক নলকূপ নিয়ে টানাটানি
খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকার আল আমিন মহল্লার তৃতীয় গলিতে রয়েছে একটি নলকূপ। ওই মহল্লার একমাত্র খাওয়ার পানির উৎস সেটি। এলাকার মানুষের খাওয়ার পানির চাহিদা মেটাতে ১৯৯৩ সালে নলকূপটি স্থাপন করে সিটি করপোরেশন।
দুই মাস আগে নলকূপটি নিজের দাবি করে ওই এলাকার এক প্রভাবশালী ব্যক্তি সেটি দখলে নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। ২০০৩ সালে নলকূপের পাশের জমিটি কিনেছিলেন তিনি।
এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, ওই এলাকায় মানুষ আশির দশক থেকে বসতি স্থাপন শুরু করে। কিন্তু সেখানে খাওয়ার পানির কোনো ব্যবস্থা ছিল না। এলাকাবাসীর অনুরোধে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) সেখানে একটি নলকূপ স্থাপন করে। নলকূপটি স্থাপনের জন্য ভালো কোনো জায়গা না পাওয়ায় রাস্তার ধারের নিজের জমি থেকে ১৫ বর্গফুটের কিছু বেশি জায়গা দান করেছিলেন মুসলিমা ইসলাম। ২০০৩ সালে তিনি নলকূপের ওই জায়গাটুকু ছেড়ে জমিটি বিক্রি করেন মো. হারুন-অর-রশিদ নামের এক ব্যক্তির কাছে।
নলকূপের জায়গাটুকু ছেড়ে দিয়েই ২০১৫ সালে ওই জমির চারপাশে দেয়াল তোলেন হারুন। গত বছরের ডিসেম্বরের দিকে সেখানে আধপাকা ঘরও নির্মাণ করেন তিনি। তবে চলতি বছরের জানুয়ারি মাসে ওই নলকূপ নিজের দাবি করে এর চারপাশে দেয়াল তুলে দেওয়ার চেষ্টা করেন হারুন। দাবি করার পক্ষে খুলনা ওয়াসা থেকে নলকূপটি নিজের নামে নিবন্ধন করার কাগজপত্র দেখান তিনি। তবে এলাকাবাসীর বাধার মুখে তিনি নলকূপটির দখল নিতে পারেননি। সম্প্রতি আল আমিন মহল্লার তৃতীয় গলিতে গিয়ে দেখা যায়, নলকূপটি ঘিরে নারী-পুরুষের ভিড়। সবার হাতে কলস, বালতি অথবা জগ। পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপটি দিয়েও তেমন পানি উঠছে না। দেয়ালঘেরা হারুনের বাড়ির মধ্যেও ভূগর্ভ থেকে পানি তোলার ব্যবস্থা আছে। হারুন-অর-রশিদের গ্রামের বাড়ি গোপালগঞ্জে। তিনি খুলনা মেট্রোপলিটন স্টেশনারি ব্যবসায়ী সমিতির সহসভাপতি। তিনি দাবি করেন, জমি ও নলকূপ দুটিই তাঁর। নলকূপটি তিনি স্থাপন করেছেন।
তবে খুলনা ওয়াসার উপসহকারী প্রকৌশলী (সিভিল) চিন্ময় মহলদার বলেন, নলকূপটি সিটি করপোরেশনের। আর করপোরেশন এখনো সেটি তাঁদের বুঝিয়ে দেননি। সুতরাং নলকূপটির নিবন্ধন তাঁরা অন্য কাউকে দিতে পারেন না। তবে হারুন-অর-রশিদকে তাঁর বাড়ির ভেতর একটি নলকূপ স্থাপনের জন্য নিবন্ধন দেওয়া হয়েছে। এ বিষয়ে কেসিসির সম্পত্তিবিষয়ক কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, নলকূপটি কেসিসির সম্পত্তি। সেটি ১৯৯৩ সালে স্থাপন করা হয়। এটি কেউ এককভাবে ভোগদখল করতে পারবে না।