এক নলকূপে দুই চালক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাট উপজেলার একটি গভীর নলকূপে দুজন চালক নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। ইতিমধ্যে একজন চালক নলকূপ ঘরে ঝুলিয়ে দেন। পরে কৃষকেরা তালা ভেঙে সেচকাজ অব্যাহত রাখেন।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দেউলবাড়ী মৌজার জেএল নম্বর ১২৯ দাগে ওই এলাকার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ—বিএমডিএর একটি গভীর নলকূপ রয়েছে। গত বছর এই নলকূপের চালক হিসেবে আবদুস সাত্তার নামে একজনকে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি এবারও যথারীতি পানি সেচকাজ চালাতে থাকেন। চলতি মৌসুমের জন্য একই এলাকার মোজাম্মেল হককে ওই নলকূপের চালক নিয়োগ দেওয়া হলে আগের চালক ২৯ ফেব্রুয়ারি সকালে নলকূপ ঘরে তালা ঝুলিয়ে দেন। ওই দিনই কৃষকেরা তালা ভেঙে সেচকাজ অব্যাহত রাখেন। এ ব্যাপারে মোজাম্মেল হক বলেন, তাঁকে চালক নিয়োগ দেওয়া হলেও আগের চালক আবদুস সাত্তার কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে নলকূপ বুঝে না দিয়ে টালবাহানা ও সেচকাজ চালাতে থাকেন। আব্দুস সাত্তার বলেন, নলকূপের আওতায় ৫৯ জনের মধ্যে ৫২ জন কৃষক তাঁর পক্ষে রয়েছেন এবং তিনি সুষ্ঠুভাবে সেচকাজ পরিচালনা করছেন। উপজেলা সেচ কমিটির সদস্য সচিব ও বিএমডিএ ধামইরহাট অঞ্চলের সহকারী প্রকৌশলী হাবিবুর আহসান জানান, উপজেলা সেচ কমিটি চলতি মৌসুমের জন্য মোজাম্মেল হককে ওই নলকূপের চালক নিয়োগ দেয়। কিছু সমস্যা থাকলেও কৃষকদের চাহিদা মোতাবেক সেচ প্রদান করা হচ্ছে বলে দাবি করেন তিনি। উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন জানান, বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে।