এক নারী ও নিরীহ কৃষক
নিরীহ কৃষকের কথিত ভুলের মাশুল হিসেবে এক নারীর নামে ১০ শতক জমি লিখে দেওয়ার জন্য গ্রাম্য মাতবরেরা চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামের।
জমি রক্ষায় কৃষক আবুল বাশার (৫৫) নিজের চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ছেলের (১১) সঙ্গে ওই নারীর (৩০) বিয়ে দিতে রাজি হয়েছেন বলে জানা গেছে।
লোকমুখে ওই তথ্য পেয়ে গত শনিবার বেলা আড়াইটায় এই প্রতিবেদক আবুল বাশারের বাড়ি গেলে তাঁর স্ত্রী সফিলা খাতুন (৪০) ঘর থেকে বেরিয়ে আসেন। কিছুক্ষণের মধ্যে বাড়ির উঠানে অনেক লোক জড়ো হয়। এ সময় সফিলা খাতুন জানান, পাশের মইতাপাড়া গ্রামের তাঁর চাচাতো ভাই জামাল উদ্দিনের (৩৮) সঙ্গে এক নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দু বছর আগে ওই নারীর সঙ্গে স্বামীর ছাড়াছাড়ি হয়। একাধিক স্ত্রী থাকা সত্ত্বেও জামাল এ নারীকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। গত সপ্তাহে জামাল বিয়ের কথা বলে ওই নারীকে বাবার বাড়ি থেকে বের করে আনেন। পরে তাঁকে ফেলে জামাল আত্মগোপন করেন। ওই নারী তাঁদের (সফিলা) পুকুরপাড়ে কান্নাকাটি করছিলেন। একপর্যায়ে প্রতিবেশী এক নারী তাঁকে ডেকে সফিলার ঘরে নিয়ে আসেন। বাড়িতে ফিরলে বাবা মারধর করবেন—এ কথা বলে ওই নারী এ বাড়িতেই অবস্থান করতে থাকেন।
এলাকাবাসী সূত্র জানায়, ওই ঘটনায় গ্রামের কথিত মাতবরেরা গত বৃহস্পতিবার বাশারের উঠানে সালিস বৈঠক বসান। সালিসে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল হামিদ, আজিম উদ্দিন, রুকন উদ্দিনসহ কয়েকজন।
আবুল বাশার জানান, জামালের পালানোর ঘটনার জন্য মাতবরেরা তাঁকে দায়ী করে বলেন, জামালকে খুঁজে এনে দিলে ওই নারীর বিয়ের জন্য তিন লাখ টাকা দিতে হবে। অন্যথায় রোববারের মধ্যে নারীর নামে ১০ শতক ফসলি জমি লিখে দিতে হবে। এ সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানানোয় তাঁর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেন সালিসকারীরা। বাশার জানান, জমি রক্ষায় তিনি নাবালক ছেলের সঙ্গে ওই নারীর বিয়ে দিতে রাজি হয়েছেন।
আবদুল হামিদ বলেন, ‘সালিসে বাশারের নাবালক ছেলের সঙ্গে ওই মেয়ের বিয়ের সিদ্ধান্ত আমরা দিইনি। বরং ওই মেয়ের বাবার কাছ থেকে জমি পাওয়ার লোভে বাশার নিজেই এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন।’ নান্দাইল থানার ওসি খন্দকার জাহিদুল ইসলাম বলেন, আবদুল হামিদের কাছ থেকে খবর পেয়ে গত রোববার ওই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।