এক নারী প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী ফারজানা জাবেদকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ নোটিশ দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে ভোটারদের মাঝে বিভিন্ন উপহার বিতরণের অভিযোগ উঠেছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান জানান, বিভিন্ন উপহার বিতরণের প্রমাণপত্র পাওয়া গেছে। তাঁকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
জানা গেছে, সংরক্ষিত ওয়ার্ড ৯ (আগ্রাবাদ, পাঠানঠুলি, পাহাড়তলী) থেকে ফারজানা জাবেদ মনোনয়নপত্র গ্রহণ করেছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফারজানা জাবেদ বলেন, তফসিল ঘোষণার আগে উপহার দেওয়া হয়েছে। এখন কেউ অভিযোগ করলে সেটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে।
এদিকে গতকাল সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে দুই প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের ফয়েজ আহমদ ও ৩৫ নম্বর ওয়ার্ডের গোলাম মোহাম্মদ চৌধুরী।
এ ছাড়া মেয়র পদে গতকাল দুজন মনোনয়নপত্র নিয়েছেন। তাঁরা হলেন জাসদ (রব) সমর্থিত শফিউল আলম এবং অন্যজন আবুল মনসুর। একই দিন সাধারণ কাউন্সিলর পদে ৭১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ পর্যন্ত মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মোট মনোনয়নপত্র গ্রহণ করেছেন যথাক্রমে ১৩, ৪৮৭ এবং ৮০ জন।
বিভিন্ন পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় আ জ ম নাছিরের:
চট্টগ্রামে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন গতকাল বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
দলীয় সূত্র জানায়, গতকাল সকাল আটটায় বায়েজিদ থানার ছাতা কোম্পানি এলাকায় নিজের পোশাকশিল্প কারখানায় যান আ জ ম নাছির উদ্দিন। সেখানে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের সবাইকে সব ভোটারের ঘরে ঘরে যেতে হবে। ভোট চাওয়ার সময় বিনয়ী হতে হবে।
দলীয় সূত্র জানায়, বায়েজিদ থেকে আ জ ম নাছির উদ্দিন দেওয়ানবাজার ওয়ার্ডে চলে যান। সেখানে তিনি বিভিন্ন ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিকেলে শহীদ মিনার চত্বরে দলীয় কর্মসূচিতে অংশ নেন। সেখানে মহিউদ্দিন চৌধুরীও উপস্থিত ছিলেন।