বিচার শেষ না হওয়া পৃথক চার মামলায় অর্ধযুগের বেশি সময় কারাগারে বন্দী থাকা চার নারীর মধ্যে একজন জামিন পেয়েছেন। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।
এ ছাড়া আদালত অপর দুজনের মামলার বিচার তিন মাসের মধ্যে শেষ করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন। আরেকজনের জামিন বিষয়ে রুল খারিজ করে দিয়েছেন আদালত।
চারজনের মধ্যে জামিন পেয়েছেন সুমী আক্তার। শাহনাজ বেগম ও রাজিয়া সুলতানার পৃথক মামলার বিচার তিন মাসের মধ্যে শেষ করতে বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি না হলে তাঁরা জামিন আবেদন করলে তা বিবেচনা করতে বলা হয়েছে। আর রানী ওরফে নূপুরের জামিন প্রশ্নে রুল খারিজ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা।
পৃথক চারটি হত্যা মামলায় অর্ধযুগের বেশি সময় ধরে চার নারীর কারাগারে থাকার তথ্য আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্য ও আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা। শুনানি নিয়ে গত ৩০ নভেম্বর হাইকোর্ট কেন তাঁদের জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দেন। একই সঙ্গে তাঁদের ১৬ জানুয়ারি আদালতে হাজির করতে নির্দেশ দেন এবং মামলার নথিও তলব করা হয়। ধার্য তারিখে তাঁদের আদালতে হাজির করা হয় ও শুনানি হয়। এর ধারাবাহিকতায় গতকাল আদেশ দেওয়া হয়।
পরে আইনুন্নাহার সিদ্দিকা প্রথম আলোকে বলেন, রানী ওরফে নূপুরের বিরুদ্ধে অভিযোগের ধরন ও গুরুত্ব বিবেচনা করে আদালত তাঁর জামিন প্রশ্নের রুল খারিজ করে দিয়েছেন। তাঁর বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে।
আইনজীবীর কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে, সুমী আক্তার ২০০৮ সালে রাজধানীর শ্যামপুর থানায় হওয়া একটি হত্যা মামলায় ২০০৯ সালের ১৫ জানুয়ারি থেকে কারাগারে আছেন। শাহনাজ বেগম দোহার থানায় ২০০৮ সালে করা একটি হত্যা মামলায় ওই বছরের ১৬ সেপ্টেম্বর থেকে কারাগারে আছেন। ২০০৯ সালে তুরাগ থানায় করা এক হত্যা মামলায় রাজিয়া সুলতানা ওই বছরের ২১ মে থেকে কারাগারে আছেন। ২০০৯ সালে রমনা থানায় করা এক হত্যা মামলায় রানী ওরফে নূপুর ওই বছরের ২১ নভেম্বর থেকে কারাগারে আছেন।