এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে গতকাল বুধবার আসমা বেগম (৪০) নামের এক গৃহবধূর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন ফেনীর সোনাগাজীতে সবুজ (২৫) ও মেহেরপুরের কোমরপুর থেকে আজিবুর রহমান (৩০) নামে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কুষ্টিয়ার কুমারখালীতে রাশিদুল ইসলাম (১৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:সিরাজগঞ্জ: জেলার শাহজাদপুর উপজেলার চর নাড়ুয়া গ্রাম থেকে আসমা বেগমের লাশ উদ্ধার করা হয়। নিহত আসমার স্বজনদের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ বলেছে, হত্যাকাণ্ডটি রহস্যজনক। পুলিশ ও নিহত আসমার স্বজনেরা জানায়, গত মঙ্গলবার দুপুরে চার সন্তানের মা আসমা বিস্কুট আনার জন্য সন্তানদের দোকানে পাঠান। আধা ঘণ্টা পর সন্তানেরা ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পায়। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে আসমার জবাই করা লাশ দেখে পুলিশকে খবর দেয় স্বজন ও প্রতিবেশীরা। পুলিশ গতকাল দুপুরে লাশটি উদ্ধার করে। তাঁর স্বামী আব্দুস সামাদ পলাতক রয়েছেন।এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সামসুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তাধীন। এ ঘটনায় নিহত আসমার ছেলে আলমগীর হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ফেনী: সোনাগাজীর নাজিরপুরের কাদরা গ্রাম থেকে সবুজের লাশ উদ্ধার করে পুলিশ। সবুজের বাড়ি নাজিরপুর গ্রামে। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় দেড় মাস আগে সেনবাগের গোরকাটা গ্রামের নোমান ছিদ্দিকের সঙ্গে পরিচয় হয় সবুজের। নোমানের খালার সঙ্গে সবুজের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নোমানের নানাদের পক্ষ থেকে সবুজের পরিবারকে বিয়ের প্রস্তাব দিতে বলা হয়। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে সবুজকে নোমানের নানার বাড়ির আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। নোমানের মামা ইসমাইল জানান, মঙ্গলবার রাতে সবুজ হঠাত্ তাঁদের ঘরের পাশের মাটিতে পড়ে ছটফট করতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মুখের একপাশ ফোলা দেখা গেছে। এ ছাড়া কোনো আঘাতের চিহ্ন নেই। মেহেরপুর: জেলার কোমরপুর গ্রামের একটি মাঠ থেকে আজিবুর রহমান (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা আজিবুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তাঁর বাড়ি মুজিবনগরের শিবপুর গ্রামে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, পুলিশ খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।কুষ্টিয়া: কুমারখালীতে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা রাশিদুল ইসলামকে পিটিয়ে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে। তাঁর বাড়ি উপজেলার জয়নাবাদ গ্রামের কারিকরপাড়ায়। পুলিশ গতকাল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারের হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জয়নাবাদ এলাকার পারভেজ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর) সি এ হালিম ও কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, দুর্বৃত্তরা হাতুড়ি দিয়ে পিটিয়ে রাশিদুলকে হত্যা করে লাশ গড়াই নদীর চরে ফেলে রাখে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ পূর্বশত্রুতার জের ধরে রাশিদুলকে হত্যা করার কথা স্বীকার করেছে।